বগুড়া, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সোনাতলা উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবা ও চাচাতো ভাইকে ছুরিকাঘাত করেছে এক বখাটে।
দীঘলকান্দি গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে।
উত্ত্যক্তকারী ফরহাদ দীঘলকান্দি গ্রামের কান্টু আকন্দের ছেলে। একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে সে উত্ত্যক্ত করে।
আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফরহাদ শনিবার সন্ধ্যায় ঘরের জানালা দিয়ে মেয়েকে অশ্লীল কথা বলে। এ সময় আমি ও আমার ভাতিজা রবিউল প্রতিবাদ করলে ফরহাদ আমাদের মারপিট করে।
রোববার সকালে সে আবারো আমাদের বাড়িতে আসে এবং রবিউলকে ছুরিকাঘাত করে। এ সময় আমি বাধা দিলে ফরহাদ আমাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।"
তিনি বলেন, "আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। গুরুতর আহত অবস্থায় রবিউলকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
সোনাতলা থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে আমরা জেনেছি এটা পারিবারিক ঘটনা। তবে উত্ত্যক্তের কোনো ঘটনা আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।"
এ ঘটনায় আমজাদ হোসেন একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪২৪ ঘ.
bdnews24