২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃত শিক্ষার অভাবেই 'ইভ টিজিং' হচ্ছে : ঢাবি উপাচার্য

প্রকৃত শিক্ষার অভাবেই 'ইভ টিজিং' এর মতো সামাজিক সমস্যা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 04:09 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৃত শিক্ষার অভাবেই 'ইভ টিজিং' এর মতো সামাজিক সমস্যা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এর উৎস চিহ্নিত করতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আয়োজিত 'ইভ টিজিং প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে ইভ টিজিং প্রতিরোধ করা যাবে। এজন্য তিনি শিক্ষকদের কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছেন। সেমিনারে বক্তারা সামাজিক এই সমস্যাকে 'যৌন হয়রানি' হিসেবে গণ্য করে একে নারী নির্যাতন দমন আইনের আওতায় আনার দাবি জানান। সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সাদেকা হালিম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য মমতাজ উদ্দিন পাটোয়ারী, ইংরেজী দৈনিক ডেইলি সান'র সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান, মাউশির কলেজ ও প্রশাসন পরিচালক দীপক কুমার নাগ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক কোহিনুর বেগম, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব মুজিবুর রহমান ও সৈয়দ শওকত আরা বেগম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুল গফফার। সাদেকা হালিম বলেন, ইভ টিজিং-এর শিকার তরুণীরা বিচার না পেয়ে অপমানে এবং অসহায়ত্ব বোধ থেকে আত্মহত্যা করছে। নারীদের কোনো বিশেষণে নয়, নারী হিসেবেই চিহ্নিত করতে হবে। ইভ টিজিং যে যৌন হয়রানি ছাড়া আর কিছুই নয় সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সালমা খান বলেন, এখন থেকে সামাজিক এই ব্যাধিকে 'যৌন হয়রানি' বলতে হবে। তিনি নৈতিকতা ও অধিকারের বিষয়ে তরুণ-তরুণীদের আরো সচেতন করে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেন। সালমা খানের সঙ্গে একমত পোষণ করে কোহিনুর বেগম দলমত নির্বিশেষে ইভ টিজিং-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। চাঁদপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেন পাটোয়ারী বলেন, শিক্ষকদের নিরাপত্তা না থাকায় অনেক সময় তারা ইভ টিজিং-এর প্রতিবাদ করতে পারেন না। তিনি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সেমিনারে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে মাধ্যমিকের জন্য স্বতন্ত্র অধিদপ্তর করার আহ্বান জানানো হয়। ৬৪ জেলার সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা সেমিনারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২০৬ ঘ.