২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ২ উত্ত্যক্তকারীর কারাদণ্ড

নারী ও শিশুকে উত্ত্যক্ত করার দায়ে ঠাকুরগাঁওয়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) নারী ও শিশুকে উত্ত্যক্ত করার দায়ে ঠাকুরগাঁওয়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার নির্বাহী হাকিম রাশেদুল ইসলাম শুক্রবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন- ঠাকুরগাঁও পৌর এলাকার ওয়াজেদ আলী (৩০) ও নাটোরের আটঘড়িয়া গ্রামের রবিউল ইসলাম (২৭)। ওয়াজেদ আদালতে নিজের দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে ঠাকুরগাঁওয়ে এই প্রথম উত্ত্যক্তকারীর সাজা হলো। ঠাকুরগাঁও সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের বলেন, পৌর এলাকার সরকারপাড়া মহল্লার এক স্কুল শিক্ষিকাকে সদর হাসপাতালের পশ্চিমের রাস্তায় বৃহস্পতিবার বিকালে উত্ত্যক্ত করে ওয়াজেদ। শিক্ষিকার বাবা রাতে থানায় অভিযোগ করলে শুক্রবার আদালত কার্যক্রম চালায়। ওসি বলেন, আদালত বাদি ও বিবাদির জবানবন্দি নেয়। জবানবন্দিতে আসামি নিজের দোষ স্বীকার করলে আদালত ওয়াজেদকে ১৫ দিনের কারাদণ্ড দেয়। তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে রবিউল শহরের থানা পাড়ায় ছয় বছরের একটি শিশুকে ফুশলিয়ে মাইক্রোবাসে তুলে কুরুচিপূর্ণ আচরণ করেন। নাটোরের আটঘড়িয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে রবিউল মাইক্রোবাসচালক। মেয়েটি তার মাকে ঘটনা জানালে তিনি থানায় এসে অভিযোগ করেন। বিকাল ৪টার দিকে ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি রবিউলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। ওসি জানান, ওয়াজেদ ও রবিউলকে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৭১১ ঘ.