ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার পর তার বাবাকে মারধর করেছে উত্ত্যক্তকারী ও তার স্বজনরা।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক কলেজ ছাত্রীকে মারধর করেছে এক উত্ত্যক্তকারী।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে ছাত্রী ও নারীকে উত্ত্যক্ত করার দায়ে কোচিং সেন্টারের পরিচালকসহ নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই অভিযোগে বাগেরহাটে জরিমানা করা হয়েছে ১০ উত্ত্যক্তকারীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার চালা অফিসপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবু (২৪) ও তার পরিবারের লোকজন একই গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার পর তার বাবাকে মারধর করেছে।
বেলকুচি থানার ওসি ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অফিসপাড়ার হেমাস সরকারের মেয়েকে (১৭) সকালে বাড়ির কাছাকাছি একটি রাস্তার মোড় থেকে মটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাবু।"
এ সময় বাবুর সঙ্গে তার চাচাতো ভাই আমিরুল, রুবেল ও হবি ছিল।
মেয়েটি সোহাগপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুলে কোচিং ক্লাস শেষে সে বাড়ি ফিরছিলো।
ওসি জানান, ঘটনা জানার পর তার বাবা হেমাস সরকার দুপুর ২টার দিকে বাবুর বাড়িতে গিয়ে তার বাবা আব্দুল জলিলকে বিষয়টি জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবু ও তার ভাই আব্দুল খালেক, চাচা আব্দুল আজিজ ও ভগ্নীপতি নুর ইসলাম মারধর করে হেমাস সরকারকে।
পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মেয়েটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে বাবু তাকে কু-প্রস্তাব দিতো ও উত্ত্যক্ত করতো।"
এ ঘটনায় হিমির বাবা হেমাস সরকার ১২জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে, উল্লাপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করার পর হেরোইন সেবনরত অবস্থায় ধরা পড়েছে চার যুবক। ভ্রাম্যমাণ আদালত তাদের একমাস করে কারাদণ্ড দিয়েছে।
সকালে উত্ত্যক্ত করার পর দুপুরে হেরোইন সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজার আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- উল্লাপাড়া উপজেলা সদরের ঝিকিরা তালুকদারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে অপু (২০), মকবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৪), মৃত কছির উদ্দিনের ছেলে রঞ্জু (২২) ও ইদ্রিস প্রামাণিকের ছেলে নাজিম উদ্দিন (২৪)।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে না পারলে তাদের আরো একমাস কারাভোগ করতে হবে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ওই চার যুবক শহরের হামিদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর তিন ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে নানা কটূক্তি করে।"
বিষয়টি ছাত্রীদের কাছে শুনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম বাচ্চু ও বিদ্যালয়ের ইভজিটিং প্রতিরোধ কমিটির সদস্য সুলতানা আফরোজ ও সালেহা খাতুন তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকারকে জানান।
ইউএনও'র নির্দেশে পুলিশ ওই চার যুবককে গ্রেপ্তারে অভিযানে নামে বলে ওসি জানান।
পাবনা: ভাঙ্গুড়া উপজেলায় হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর করেছে একই কলেজের ছাত্র সাইম।
সাইম উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১ টার দিকে কলেজ চত্ত্বরে হঠাৎ করে ছাত্রীটিকে এলোপাথাড়ি লাথি, ঘুষি, কিল ও চড় মারতে শুরু করে সাইম। এক পর্যায়ে সে ছাত্রীটির মাথার চুল ধরে টেনে হিঁচড়ে পালিয়ে যায়।
ছাত্রীটির সঙ্গে তার মা ও এক খালা ছিলেন। সে কলেজে বেতন দিতে এসেছিলো।
সহপাঠিরা জানায়, বেশ কিছু দিন ধরে ছাত্রীটিকে উত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো সাইম। বিষয়টি পরিবারকে জানালে সাইম ওই ছাত্রী ও তার বাবাকে 'দেখে নেওয়ায়' হুমকি দেয়।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইমকে আটক করার চেষ্টা করা হয়েছিল।"
তিনি জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভাঙ্গুড়া থানার ওসিকে জানানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইমকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হবে।"
বাগেরহাট: স্কুল ও কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে শহরে তিন যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া একই অভিযোগে নয় কিশোরকে আটক করে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। পরে অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মহিলা কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় শহরের সরুই বস্তির বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে রুবেল (১৮), হারুন শিকদারের ছেলে লালচাঁদ শিকদার (১৮) ও নজির শিকদারের ছেলে মাহাবুব শিকদার (২০)।
আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, এরা সরকারি পিসি কলেজ, মহিলা কলেজ ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গী করছিলো।
এদের বিরুদ্ধে বাগেরহাট সদর হাসপাতালের নার্স এবং বাগেরহাট মেডিকেল ট্রেনিং স্কুলের নারী শিক্ষার্থীদের উত্যক্ত করার একাধিক অভিযোগ রয়েছে।
বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে তিনি সকালে অভিযান শুরু করেন। এ সময় পিসি কলেজ এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার সময় নয় কিশোরকে আটক করা হয়। এদের মধ্যে দু'জনকে মদ্যপ অবস্থায় আটক করা হয়।
এরা হচ্ছে- অ্যাডভোকেট ভবরঞ্জন মজুমদারের ছেলে অর্ঘ্য মজুমদার, এ টি এম এফ শহীদের ছেলে রিয়াসাদ আজম, অ্যাডভোকেট মুজিবুর রহমানের ছেলে নাসির নাজরী, সমশের আলীর ছেলে আমজাদ আলী, সুজা আহমেদ মুকুলের ছেলে সুজয় আহম্মেদ, কাজী আবুল হাসানের ছেলে রুহুল হাসান আবীর, আব্দুল জলিলের ছেলে জয়নুল আবেদিন, তৌহিদুর রহমানের ছেলে ওয়াসিম আরাফাত ও মারুফুর রহমানের ছেলে অয়ন রহমান সোহান।
এরা সবাই সরাকরি পিসি কলেজের ছাত্র এবং শহরেরই বিভিন্ন এলাকার বাসিন্দা।
ফরিদপুর: ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে নগরকান্দা উপজেলায় একটি কোচিং সেন্টারের পরিচালককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তরিকুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডিত জুয়েল উর রহমান (২৩) উপজেলার শংকর পাশা এলাকায় অপটিমাম নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।
নগরকান্দা থানার ওসি মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোচিং সেন্টারে আসা ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে জুয়েলকে বুধবার গ্রেপ্তার করা হয়।"
সে নগরকান্দার মীরের গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র।
টাঙ্গাইল: কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে টাঙ্গাইলে এক কলেজের ছাত্রকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত জয়ন্ত কর ওরফে পাপ্পু সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের
bdnews24