২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করার পর হেরোইন সেবন করছিলো তারা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করার পর হেরোইন সেবনরত অবস্থায় ধরা পড়েছে চার যুবক। ভ্রাম্যমাণ আদালত তাদের একমাস করে কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করার পর হেরোইন সেবনরত অবস্থায় ধরা পড়েছে চার যুবক। ভ্রাম্যমাণ আদালত তাদের একমাস করে কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার সকালে উত্ত্যক্ত করার পর দুপুরে হেরোইন সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ তাদের সাজার আদেশ দেন। দণ্ডিতরা হলেন- উল্লাপাড়া উপজেলা সদরের ঝিকিরা তালুকদারপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে অপু (২০), মকবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৪), মৃত কছির উদ্দিনের ছেলে রঞ্জু (২২) ও ইদ্রিস প্রামাণিকের ছেলে নাজিম উদ্দিন (২৪)। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে না পারলে তাদের আরো একমাস কারাভোগ করতে হবে। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ওই চার যুবক শহরের হামিদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর তিন ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে নানা কটূক্তি করে।" বিষয়টি ছাত্রীদের কাছে শুনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম বাচ্চু ও বিদ্যালয়ের ইভজিটিং প্রতিরোধ কমিটির সদস্য সুলতানা আফরোজ ও সালেহা খাতুন তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকারকে জানান। ইউএনও'র নির্দেশে পুলিশ ওই চার যুবককে গ্রেপ্তারে অভিযানে নামে বলে ওসি জানান। তিনি বলেন, "মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে হেরোইন সেবনরত অবস্থায় ওই চার জনকে দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তখন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন পুকুরে নেমে তাদের আটক করে।" ওসি জানান, চার যুবকই মাদকাসক্ত এবং তারা ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬১৩ ঘ.