ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৪৩৪টি উত্ত্যক্ত ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে এবং এর শিকার ২২ জন নারী আত্মহত্যা করেছে বলে মহিলা পরিষদ তথ্য প্রকাশ করেছে।
নারীদের উত্ত্যক্ত করা রোধে কঠোর আইনের পাশাপাশি জনসচেনতা গড়ে তুলতে ব্যাপক প্রচার চালাতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশের পুরনো এ নারী সংগঠন।
'উত্ত্যক্ত, যৌন নিপীড়নকে না বলুন, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন'- এ স্লোগানে মহিলা পরিষদ সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১০ পালন করবে।
এ কর্মসূচি ধরে বুধবার এক সংবাদ সম্মেলনে নারী নির্যাতনের চিত্র তুলে ধরে মহিলা পরিষদ। উত্ত্যক্তকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নয় মাসে ২২ জন নারী আত্মহত্যা করেছেন বলে এতে জানানো হয়।
সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৪ হাজার ১৮৬টি। এ সময়ের মধ্যে ৫৪০টি ধর্ষণ, ৩৭৪ জনকে অপহরণ, ২৪৮ জন নারী ও শিশু পাচার, ১১৩টি শ্লীলতাহানী, ৯১ জন এসিডদগ্ধ, ৩৪টি ফতোয়ার ঘটনাগুলো ঘটে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, এই সময়ে ধর্ষণের পর ৫২ জন ও যৌতুকের কারণে ১১৩ জনকে হত্যা করা হয়। এছাড়া নির্যাতনের শিকার ৩৫৭ জন নারী আত্মহত্যা করেন। আর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে ৮৮০ জনকে হত্যা করা হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত মহিলা পরিষদের ৬০টি জেলার ১ হাজার ৭২২টি শাখা বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে পারিবারিক আইনকে বৈষম্যমূলক দাবি করে আইনটি দ্রুত সংস্কার ও তা বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাসুদা রেহেনা বেগম। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আয়শা খানম, লিগ্যাল এইড সম্পাদক সাহানা কবীর, লিগ্যাল এইড পরিচালক মাকসুদা আক্তার লাইলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24