ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে মঙ্গলবার কলেজ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকালে এক বখাটেকে ধরে পুলিশে দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
মানিকগঞ্জে বখাটে মারধর করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে।
একইদিন চাঁদপুরে দুই উত্ত্যক্তকারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাবনায় দুই উত্ত্যক্তকারীর কারাদণ্ড ও জরিমানা হয়েছে একটি ভ্রাম্যমাণ আদালতে। নীলফামারীতে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটের এক মাস কারাদণ্ড হয়েছে।
এছাড়া সোমবার বরগুনায় এক মাদ্রাসা ছাত্রকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
রংপুর: কাউনিয়া উপজেলার হারাগাছ ডিগ্রি কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় শিক্ষক ও শিক্ষার্থীরা এক বখাটেকে ধরে পুলিশে দিয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীর বরাত দিয়ে পুলিশ জানায়, হারাগাছ পৌর এলাকার চারুভদ্র মহল্লার শহিদার মাষ্টারের বখাটে ছেলে শফিকুল ইসলাম প্রায়ই কলেজে আসা যাওয়ার পথে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।
বিষয়টি শফিকুলের পরিবারের লোকজনকে জানিয়েও কোনো কাজ হয়নি।
মঙ্গলবার কলেজে এসে ভবনের দোতলায় ওঠার সময় শফিকুল কথা আছে বলে তাকে জোর করে তৃতীয় তলায় নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে এবং শফিকুলকে পুলিশে দেয়।
হারাগাছ কলেজের অধ্যক্ষ সুদেব চন্দ্র ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, বখাটে শফিকুল তাদের কলেজে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে এইচএসসিতে ভর্তি হয়েছিল। পরীক্ষায় ফেল করার পর আ লেখাপড়া করেনি।
কাউনিয়া থানার ওসি কৃষ্ণ কুমার বলেন, এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছে। শফিকুল আটক আছে।
মানিকগঞ্জ: সদর উপজেলায় বখাটে ইমরান ভাটবাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারধর করেছে।
ইমরান উপজেলার বরংগাখোলা গ্রামের নান্নু মোল্লার ছেলে।
উত্ত্যক্ত স্কুল শিক্ষিকা সাংবাদিকদের বলেন, প্রতিবেশী বখাটে ইমরান দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছে। ঢাকায় ইডেন কলেজে অধ্যয়নের সময়ও সেখানে গিয়ে সে উত্যক্ত করত।
সকালে বরংগাখোলা থেকে একটি ম্যাক্সিতে করে সমাপনী পরীক্ষার কেন্দ্র মুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে ইমরান ওই ম্যাক্সিতে তাকে মারধর ও চুল ধরে টানাটানি করে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, ইমরান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মাদক সেবনসহ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে।
সদর থানার ওসি আবু তাহের বলেন, স্কুল শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিকে ধরার চেষ্টা চলছে।
চাঁদপুর: অশ্লীল পোস্টার লাগানোর সময় চাঁদপুর সদর উপজেলায় আটক দুই তরুণকে মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে আদালত।
জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আব্দুর রহমান এ আদেশ দেন।
আটক দু'জন হল- উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ফরহাদ হোসেন ফকির ও রফিকুল ইসলাম বেপারী।
সোমবার স্থানীয় বিষ্ণুপুর বালুধম উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে অশ্লীল পোস্টার লাগানোর সময় জনতা এ দু'জনকে আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় মেয়েটির মা একটি মামলা করেন।
মঙ্গলবার তাদের ওই মামলায় আদালতে হাজির করা হলে মেয়েটি তাদের বিরুদ্ধে জবানবন্দি দেয়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, এই দুই বখাটে ওই স্কুলের দেওয়ালে দশম শ্রেণীর একটি ছাত্রী সম্পর্কে অশ্লীল পোস্টার লাগানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়।
পাবনা: বিকালে সাঁথিয়া উপজেলায় দুই উত্ত্যক্তকারীর জেল ও জরিমানা হয়েছে একটি ভ্রাম্যমাণ আদালতে।
এরা হল- সাঁথিয়া উপজেলার তলট গ্রামের দুলার চন্দ্র সুত্রধরের ছেলে রাহুল কুমার সুত্রধর (১৯) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে তারেক হোসেন (১৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রাহুল ও তারেক বেশকিছুদিন ধরে উপজেলার আফতাবনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উক্ত্যত্ত করে আসছিল। মঙ্গলবার তারা বিদ্যালয়ের ক্লাসে ঢুকে ছাত্রীদের বই-খাতা তছনছ করলে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেয়।
ইউএনও আব্দুর রাজ্জাক সরকার এসে ঘটনাস্থলে ভ্রাম্যাণ আদালত বসিয়ে রাহুলকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও তারেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডর দেন।
সাঁথিয়া থানার ওসি এবিএম রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিত দু'জনকে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী: ডিমলা উপজেলায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত সোহেল রানাকে (১৯) ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরো তিন মাস কারাভোগ করতে হবে।
ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে সাজার এ আদেশ দেন।
রায়ের পর সোহেলকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। সোহেল ডিমলা সদর ইউনিয়নের সর্দারহাটের জবেদ আলীর ছেলে।
ছাত্রীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় পাশের গ্রাম সর্দারহাটের রানা তাকে উত্ত্যক্ত করে। তখন তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রানার সহযোগী সোহেলকে আটক করে।
ওই ছাত্রী সোমবার রাতেই ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ করেন।
বরগুনা: জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় দায়ে এক মাদ্রাসা ছাত্রকে সোমবার রাতে ৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী হাকিম চাহেল তস্তুরি।
সাজাপ্রাপ্ত বনি আমিন বরগুনা সদর উপজেলার পশ্চিম কেওড়াবুনিয়া গ্রামের জালাল উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বরগুনা আলিয়া মাদ্রাসার ছাত্র।
সোমবার দুপুরে সে পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসার এক জেডিসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের জন্য তার এ সাজা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/ডিডি/২০০৮ ঘ.
bdnews24