২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুরুঙ্গামারীর নানা হত্যার মূল আসামির একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উত্ত্যক্তের প্রতিবাদকারী আব্দুস সোবহানকে হত্যার মূল আসামিদের একজন গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

কুড়িগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উত্ত্যক্তের প্রতিবাদকারী আব্দুস সোবহানকে হত্যার মূল আসামিদের একজন গ্রেপ্তার হয়েছে। মোস্তফাকে মঙ্গলবার ভোররাতে নাগেশ্বরী উপজেলার দামাল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে ভুরুঙ্গামারী থানার ওসি মো. কফিল উদ্দিন জানিয়েছেন। হত্যামামলার মূল আসামিদের অন্যজন রিপন এখনো পলাতক। ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামে গত ১৭ নভেম্বর ঈদের দিন নাতনীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোবহানকে হত্যা করা হয়। মোস্তফা (২০), রিপন (২৪) এবং তাদের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ। ওসি কফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।" সোবহানের ভাতিজা মো. মজনু বাদি হয়ে যে মামলাটি করেছেন তাতে রিপন এবং তার বাবা কয়ছার ও মা রহিমা খাতুন, মোস্তফা এবং তার বাবা নুর ইসলাম ও মা হাজেরা বেগমকে আসামি করা হয়েছে। মোস্তফা মামলার দুই নম্বর আসামি। এর আগে মোস্তফার বাবা নুর ইসলাম এবং রিপনের মা রহিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৫১৫ ঘ.