ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় সালিশের মাধ্যমে বখাটে ও তার বাবাকে গলায় জুতা ঝুলিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়েছে। একই অভিযোগে আরেক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাত যুবককে আটক করা হয়েছে। উত্ত্যক্ত ও অপহরণের অভিযোগে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রোববার শহরতলীর লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে রাকিব মোল্লা (১৮) ও তার বাবা জাহাঙ্গীর মোল্লাকে গলায় জুতা ঝুলিয়ে ঘুরানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সালিশে সাক্ষ্য-প্রমাণ শেষে তাদের এ সাজা দেওয়া হয়।"
তিনি জানান, রাকিব গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের একাদশ শ্রেণীর প্রথমবর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো।
এদিকে শহরের গোহাটা এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সোমবার একই এলাকার মন্টু সরকারের ছেলে সুব্রত সরকারকে (১৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম এ সাজা দেন।
সুব্রত গোপলগঞ্জ আলিয়া মাদ্রাসা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শহরের কেরামত আলী প্লাজার সামনে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলাম সেখানে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুব্রত ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।"
নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলায় একটি শুটিং স্পটে মিউজিক ভিডিও করার সময় নৃত্যশিল্পী ও অভিনেত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ চার যুবকে গ্রেপ্তার করেছে।
এরা হলো- জামান মোল্লা (৪২), শাহজালাল সিকদার (২৮), রনি (২৩) ও মেজবাহউল হক (৩২)।
এদের মধ্যে তিনজনের বাড়ি রূপগঞ্জ উপজেলার বরপা ও ভূলতা এলাকায়। অপর একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায়।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের দবির উদ্দিন ভূঁইয়া শ্যুটিং স্পট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুটিং চলাকালে তারা মহিলা নৃত্যশিল্পী ও অভিনেত্রীকে উদ্দেশ্যে করে অশ্লীর মন্তব্য করে।"
তিনি জানান, ঢাকার উত্তরা এলাকার একটি মিউজিক ভিডিও সংস্থার শুটিং চলছিলো।
সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার চার যুবককে আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় এক স্কুল ছাত্রীকে হত্যার হুমকিসহ আপত্তিকর পোস্টার লাগানোর সময় সোমবার দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলো- উপজেলার বিষ্ণপুর এলাকার আব্বাস আলী ফকিরের ছেলে ফরহাদ হোসেন ফকির (১৮) ও জলিল বেপারীর ছেলে রফিকুল ইসলাম (১৯)।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শান্তা আক্তার হ্যাপির বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছিল।"
তিনি জানান, পোস্টারে শান্তাকে হত্যার হুমকি দিয়ে আপত্তিকর কথা লেখা ছিলো।
এসআই বলেন, তাদের সঙ্গে থাকা বিষ্ণুপুরের ইসমাইল দরজির ছেলে রুবেল পালিয়ে যায়।
এ ঘটনায় বিকালে শান্তার মা নিলুফা বেগম তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
নড়াইল: উত্ত্যক্ত করার অভিযোগে সদর উপজেলার মহিষখোলা থেকে মুকিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, সোমবার বিকাল ৫টার দিকে মুকিমকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়।
রোববার রাতে সে শহরের মহিষখোলা এলাকার মফিজুর রহমানের মেয়ে শ্রাবনী রহমান বর্নীর (১৪) হাত ধরে টানাটানি করে। এ সময় বর্নী বাড়ির গেটের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।
আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে নড়াইল সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
বর্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুকিম দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে কয়েক মাস আগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।"
বরিশাল: অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করা ও অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি মামলা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পয়সার হাট গ্রামের আকবর চৌকিদারের ছেলে হাকিম চৌকিদারের (২২) বিরুদ্ধে মামলাটি করেন ওই ছাত্রীর বাবা একই গ্রামের আউয়াল হোসেন বখতিয়ার।
আউয়াল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার মেয়ে স্কুলে যাওয়া-আসার পথে হাকিম তাকে উত্ত্যক্ত করত। সে পয়সা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে।"
তিনি জানান, বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে তারা হাকিমকে এ ব্যাপারে বারণ করে। এতে সে আরো বেপরোয়া হয়ে ওঠে।
আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দি বলেন, "তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24