ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সোমবার রাজধানীতে এক যুবককে এক বছরের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর রমনা এলাকায় সজীব আহমেদ নামে (২০) ওই যুবককে বিকালে কারাদণ্ড দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার ওসি শিবলী নোমান।
তিনি বলেন, "ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া এই কারাদণ্ড দেন। সজীব গৃহস্থালী মালামাল ব্যবসায় জড়িত এবং মাদকাসক্ত। "
তিনি জানান, মগবাজার এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সজীব। তার সঙ্গে বিয়ে দেওয়া না হলে তাদের হত্যার হুমকিও দেয় সে। এ কারণে ওই ছাত্রীর পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। ওই ছাত্রীকে একবার অপহরণের চেষ্টাও করা হয়।
এ বিষয়ে ছাত্রীর বাবা রোববার থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে মগবাজার থেকে সজীবকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয় বলে জানান ওসি শিবলি।
এরপর ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হলে তিনি সাক্ষ্যপ্রমাণ শেষে সজীবকে এক বছরের কারাদণ্ড দেন।
রায়ের পরপরই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান ওসি।
সা
bdnews24