কুড়িগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুই উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় জনতার কর্মসূচি অব্যাহত রয়েছে।
ঘটনার চারদিন পার হলেও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাদের বাবা-মা'কে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার ঈদের দিনে নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় খুন করা হয় ভুরুঙ্গামারীর নলেয়া গ্রামের আব্দুস সোবহানকে (৭৫)।
উত্ত্যক্তকারী রিপন (২৪) ও মোস্তফাকে (২০) গ্রেপ্তারের দাবিতে শনিবার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন জনতা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথক কর্মসূচি পালন করে।
ভুরুঙ্গামারীর জামতলা মোড়ে সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হয়। অপরদিকে ভুরুঙ্গামারী বাজারে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ওই দুই পৃথক সমাবেশে বক্তব্য রাখেন, মওলানা ছলিম উদ্দিন, কলেজ শিক্ষক বাবুল আক্তার, আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক এবং বাসদের মোনাব্বের হোসেন মিন্টু, রোকনুজ্জামান রোকন ও মৌসুমি বুবলি।
আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের সমালোচনা করেন বক্তারা। তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ভুরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুই উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।
সোবহান হত্যার ঘটনায় তার ভাইপো মো. মজনু বাদি হয়ে একটি মামলা করেন। তাতে রিপন, তার বাবা কয়ছার, মা রহিমা খাতুন এবং মোস্তফা, তার বাবা নূর ইসলাম ও মা হাজেরা বেগমকে আসামি করা হয়।
কুড়িগ্রাম জেলা শহর থেকে ৪৬ কিলোমিটার দূরে ভুরুঙ্গামারীর প্রত্যন্ত নলেয়া গ্রামে বুধবার সকাল ৭টায় সোবহান খুন হন।
মামলায় অভিযোগ করা হয়, ঈদের দিন সকালে দিনমজুর সোবহান নাতনী ভুরুঙ্গামারী নিম্ন মাধ্যমিক কিশলয় বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিয়ে বাড়ির পাশের বাঁধের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। ওই সময় রিপন ও মোস্তফা তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ জানাতে তাদের বাড়ি গেলে রিপন ও মোস্তফার পরিবারের সদস্যরা গলা টিপে হত্যা করে সোবহানকে।
ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক এর আগে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মারপিট ও শ্বাসরোধে হত্যার আলামত লাশের শরীরে পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24