কুড়িগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুই উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় জনতার বিক্ষোভ চলছে। অন্যদিকে অভিযুক্ত দুজনকে না পেলেও তাদের বাবা-মা'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার ঈদের দিনে নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় খুন করা হয় আব্দুস সোবহানকে (৭৫)। গত কয়েক মাসে উত্ত্যক্তকারীর হামলায় শিক্ষক মিজানুর রহমান, চাঁপা রানী ভৌমিকের পর নিহত হলেন সোবহান।
উত্ত্যক্তকারী রিপন (২৪) ও মোস্তফাকে (২০) গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ ভুরুঙ্গামারী উপজেলা সদরে মৌন মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করে।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, নিম্ন মাধ্যমিক কিশলয় বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী, ভুরুঙ্গামারী সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যক্ষ রমিজ উদ্দিন, বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানসহ স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
সোবহানের স্ত্রী রাবেয়া খাতুন (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, "পরিবারে একমাত্র কামাই করা (উপার্জনক্ষম) মানুষটা আর নাই। নাতনী রুমাসহ পাঁচ জনের এই সংসার মুই এ্যালা কেমন করি চলাম (এখন কেমন করে চালাবো)।"
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ জানান, এ ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষোভ প্রকাশ করেছেন এবং সোবহানের নাতনীর লেখাপড়ার ব্যয় বহনসহ ওই পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছু করার নির্দেশ দিয়েছেন।
সোবহান হত্যার ঘটনায় তার ভাতিজা মো. মজনু বাদি হয়ে একটি মামলা করেন। তাতে রিপন, তার বাবা কয়ছার, মা রহিমা খাতুন এবং মোস্তফা, তার বাবা নূর ইসলাম ও মা হাজেরা বেগমকে আসামি করা হয়।
কুড়িগ্রাম জেলা শহর থেকে ৪৬ কিলোমিটার দূরে ভুরুঙ্গামারীর প্রত্যন্ত নলেয়া গ্রামে বুধবার সকাল ৭টায় সোবহান খুন হন।
মামলায় অভিযোগ করা হয়, ঈদের দিন সকালে দিনমজুর সোবহান নাতনী ভুরুঙ্গামারী নিম্ন মাধ্যমিক কিশলয় বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নিয়ে বাড়ির পাশের বাঁধের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। ওই সময় রিপন ও মোস্তফা তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ জানাতে তাদের বাড়ি গেলে রিপন ও মোস্তফার পরিবারের সদস্যরা গলা টিপে হত্যা করে সোবহানকে।
কুড়িগ্রাম সদর হাসপাতালে ইতোমধ্যে লাশে ময়াতদন্ত হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার এর প্রতিবেদন দেওয়া হবে। ভুরুঙ্গামারী থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক এর আগে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মারপিট ও শ্বাসরোধে হত্যার আলামত লাশের শরীরে পাওয়া গেছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। তবে তিন দিনেও রিপন ও মোস্তফাকে পায়নি পুলিশ। তবে রিপনের মা রহিমা খাতুন ও মোস্তফার বাবা নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24