গোপালগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গোপালগঞ্জ শহরের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত এস এম আনিসুর রহমান (৩০) শহরের মডেল স্কুল রোডের হাজী সাইদুর ওরফে সাইদ মিয়ার ছেলে।
সদর থানার মামলার তদন্ত সহায়ক কর্মকর্তা কাজী মতিয়ার রহমান জানিয়েছেন, শহরের সরকারি বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী তার ভাইয়ের সঙ্গে চিত্রবাণী সিনেমা হলে ঈদের দিন বুধবার রাতে সিমেনা দেখতে যায়।
তিনি বলেন, "শহরের বিভিন্ন অপকর্মে জড়িত আনিস মদ্যপ অবস্থায় এ সময় হলে ঢুকে ওই স্কুল ছাত্রীর ওড়না ধরে টান দেয়। এক পর্যায়ে আনিস তার হাত ধরে টেনে-হিঁচড়ে বাইরে আনার চেষ্টা করে। তখন ওই স্কুল ছাত্রীর ভাই আনিসকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে ধরতে গেলে পুলিশকে উদ্দেশ্য করে সে গালাগাল করতে থাকে।"
পুলিশ কর্মকর্তা মতিয়ার জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাসিরুল ইসলাম ইভটিজিংয়ের অভিযোগে আনিসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আনিসের বিরুদ্ধে ধর্ষণ, চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা আছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৪৩ ঘ.
bdnews24