ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় তিন যুবককে জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে নাসিরনগর উপজেলার সেন্দুরা এলাকায় তিন যুবককে আটক করে আদালত সাজা দেয়।
এদের মধ্যে উপজেলার আখিতারা গ্রামের বীমাকর্মী সুমন চন্দ্র দাসকে (২৮) পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড, আব্দুল খালেককে (৩৮) দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড এবং স্কুলছাত্র অয়ন সূত্রধরকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিল আহম্মেদ।
ইউএনও জামিল আহম্মেদ ও নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, বিকালে উপজেলা সদরের মাদ্রাসাছাত্রীটি দাঁতমণ্ডল মাদ্রাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিলো। সে ওই মাদ্রাসার ছাত্রী।
সেন্দুরা এলাকায় সরাইল-নাসিরনগর সড়কের পাশে সিএনজিচালিত টেম্পোতে বসা সুমন, খালেক ও অয়ন তাকে উত্যক্ত করে।
ওই ছাত্রী ঘটনাটি তার আত্মীয়দের জানালে এলাকার লোকজনের সহায়তায় তারা তিন বখাটেকে ধরে পুলিশে সোর্পদ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24