পটুয়াখালী, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্ত্যক্ত করার দায়ে পটুয়াখালীতে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে তাকে পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের সাজা দেওয়া হয়।
সোমবার দুপুর ২টায় পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের মাসুদ আলী (৩০)। তিনি স্থানীয় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে পুলিশ ও র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত শহরের সদর রোড এলাকা থেকে মাসুদকে আটক করে।
তিনি অভিযোগকারী নারীকে (৩০) দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন।
এসআই জানান, দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অভিযুক্ত মাসুদকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
ওই নারীর স্বামী শফিকুর রহমান জানান, তাদের একটি সন্তান রয়েছে। ফোনে তার স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মাস দেড়েক আগে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
শফিক জানান, সোমবার সকালে তার স্ত্রী ঈদের কেনা-কাটা করতে বের হলে সদর রোডের রুচিতা হোটেলের সামনে তার পথ আটকে প্রেম নিবেদন করেন মাসুদ। তিনি ঘটনাটি টহলরত যৌথবাহিনীকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24