২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় উত্ত্যক্তকারীর সাজা

সাতক্ষীরায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে এক কলেজছাত্রকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে এক কলেজছাত্রকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর এলাকায় বখাটে এই যুবককে সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্ত ইমরুল হাসান (২০) তুজলপুর গ্রামের ইমদাদ হোসেনের ছেলে এবং ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র। স্থানীয়রা জানায়, তুজলপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে সকালে স্থানীয় জিসি মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং ক্লাসে যাচ্ছিলো। বিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে একই গ্রামের ইমরুল হাসান তার পথরোধ করে। পাশ কাটিয়ে চলে যেতে চাইলে ইমরুল তার হাত ধরে টানাটানি শুরু করে দেয়। হাত ছাড়িয়ে নিয়ে ওই পরীক্ষার্থী বিদ্যালয়ে গিয়ে বিষয়টি শিক্ষকদের জানায়। খবর পেয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোফাখখারুল ইসলাম বিদ্যালয়ে আসেন এবং ঘটনা বিস্তারিত শুনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসকে বিষয়টি অবহিত করেন। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তুজলপুর এলাকায় অভিযান চালিয়ে বখাটে ইমরুল হাসানকে গ্রেপ্তার করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে সাজা দিয়ে বখাটেকে সাতক্ষীরা কারাগারে পাঠিয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোফাখখারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এভাবে বখাটেদের তাৎক্ষণিক সাজা দেওয়া অব্যাহত থাকলে মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা দ্রুত কমে যাবে বলে তিনি মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.