ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরুর গেজেট প্রকাশ করেছে সরকার।
বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারাকে ভ্রাম্যমাণ আদালতের তফসিলভুক্ত করে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে তরুণী ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হবে।
আইন মন্ত্রণালয় বুধবার বিকেলে এ গেজেট প্রকাশ করে।
এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংকালে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বলেন, "গেজেট প্রকাশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা ইতোমধ্যে চূড়ান্ত করে পাঠানো হয়েছে।
তিনি বলেন, "গেজেট প্রকাশের পরই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু করবে। সকল জেলা ও উপজেলাসহ দেশের যেখানেই উত্ত্যক্তকারীদের তৎপরতা থাকবে সেখানেই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালাবে।"
ভ্রাম্যমাণ আদালত এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের আদেশ দিতে পারবে। এটি এ আদালতের সর্বোচ্চ দণ্ডের বিধান।
সচিব জানান, গত বছরের নভেম্বর মাসে ৮৫টি বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার দিয়ে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধণ করা হয়। এরপর থেকেই ভ্রাম্যমাণ আদালত তার কার্যক্রম চালাচ্ছে। তবে পরবর্তীতে আরো কয়েকটি বিষয় এতে অন্তর্ভূক্ত করা হয়।
সর্বশেষ আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে উত্ত্যক্ত বিষয়টিকেও এ আদালতের তফসিলভুক্ত করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪৮ ঘ.
bdnews24