ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারাকে ভ্রাম্যমাণ আদালতের তফসিলভুক্ত করে গেজেট প্রকাশের পর তরুণী ও শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হবে।
এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা ইতোমধ্যে চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আগামী দু'একদিনের মধ্যেই এটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আবদুস সোবহান সিকদার বলেন, এখনো গেজেট প্রকাশ হয়নি। তবে এটি প্রকাশের প্রক্রিয়াধীন রয়েছে। প্রকাশের পরই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু করবে।
সকল জেলা ও উপজেলাসহ দেশের যেখানেই উত্ত্যক্তকারীদের তৎপরতা থাকবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের আদেশ দিতে পারবে। এটি এ আদালতের সর্বোচ্চ দণ্ডের বিধান।
সচিব জানান, গত বছরের নভেম্বর মাসে ৮৫টি বিষয়ে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার দিয়ে ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধণ করা হয়। এরপর থেকেই ভ্রাম্যমাণ আদালত তার কার্যক্রম চালাচ্ছে। তবে পরবর্তীতে আরো কয়েকটি বিষয় এতে অন্তর্ভূক্ত করা হয়।
সর্বশেষ আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে উত্ত্যক্ত বিষয়টিকেও এ আদালতের তফসিলভুক্ত করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৩৬ ঘ.
bdnews24