নোয়াখালী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীর মারধরে দু'জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার জালিয়াল গ্রামে এ হামলায় আহতরা হলেন- স্থানীয় নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৪৫) এবং অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ (২৫)।
তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ উত্ত্যক্তকারী মোজাম্মেল হোসেন রিয়াজকে (২৫) গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিনোদপুর ইউনিয়ন পরিষদ সদস্য রৌশন আক্তার লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার এক ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে স্থানীয় মাইন উদ্দিন সেলিমের ছেলে মোজাম্মেল হোসেন রিয়াজ প্রায়ই উত্ত্যক্ত করত।
বিষয়টি জানার পর শিক্ষকরা তা মজিবুর রহমানকে জানান।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মজিবুর রহমান ও মঞ্জুর মোর্শেদ বিষয়টি রিয়াজের অভিভাবককে জানাতে গেলে রিয়াজ ও তার ভাই রাশেদ তাদের মারধর করে।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং হামলার ঘটনায় পৃথক দু'টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24