ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার নড়াইলে এক তরুণকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গাইবান্ধায় বখাটের উৎপাতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল প্রতিনিধি জানান, লোহাগড়া উপজেলায় হাবিবুর রহমান টিটু (২৮) নামের এক 'বখাটে'কে পুলিশ গ্রেপ্তার করেছে। টিটু উপজেলার সিংঙ্গা গ্রামের হালিম চৌধুরীর ছেলে।
বেলা দেড়টার দিকে লোহাগড়ার লক্ষ্মীপাশা সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে এলাকাবাসী পাকড়াও করে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ব্যাংকে গেলে টিটুর সঙ্গে উপজেলার আমডাঙ্গা গ্রামের এক মেয়ের (১৪) দেখা হয়।
এ সময় টিটু তার মোবাইল ফোনে মেয়েটির ছবি তুললে মেয়েটি তার প্রতিবাদ করে এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
তখন ব্যাংকে উপস্থিত লোকজন টিটুকে ধরে পুলিশে দেয়।
লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়েটির মা সন্ধ্যা ৭টার দিকে শ্লীলতাহানির অভিযোগে হাবিবুর রহমান টিটুর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, বখাটের উৎপাতে সদর উপজেলার পূর্ব বোয়ালী গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর (১২) স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
সে ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
এ ঘটনায় সোমবার সদর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলায় ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের আজিজার রহমানের ছেলে বাবুল মিয়াকে (২৫) আসামি করা হয়েছে।
সদর থানার ওসি আকবর হোসেন মামলার বরাত দিয়ে জানান, গত শনিবার সকালে বোয়ালী বাজার থেকে বাড়ি ফেরার পথে বখাটে বাবুল মিয়া তার শ্লীলতাহানি করে।
মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এলে বাবুল পালিয়ে যায়।
মেয়েটির চাচা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিতৃহীন মেয়েটিকে বখাটে বাবুল অনেক দিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপাতত তার স্কুলে যাওয়া বন্ধ করা হয়েছে।
দক্ষিণ বুড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু বলেন, এই ঘটনার পর বাবুলের বাড়িতে বিচার দেওয়া হলেও তার অভিভাবকরা কোনো পদক্ষেপ নেয়নি। তাই মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24