সিরাজগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জে এক ছাত্রী (১৩) পরীক্ষা না দিয়ে বাড়ি চলে গেছে।
রোববার কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মেয়েটি অষ্টম শ্রেণী সমাপনী পরীক্ষা (জেএসসি) দিচ্ছিল।
এ ঘটনায় পুলিশ 'বখাটে' জাকারিয়া হোসেনকে (২২) আটক করেছে।
কামারখন্দ থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষ হওয়া পর ওই ছাত্রী (১৩) কক্ষ থেকে বেড় হলে স্কুলের ভেতরেই জাকারিয়া তার প্রশ্নপত্র কেড়ে নেয় এবং অশ্লীল আচরণ করে।
পরে আশপাশের মেয়েরা এগিয়ে এলে জাকারিয়া চলে যায়।
এর কিছুক্ষণ পর সে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা দিতে বসে। কিন্তু কিছুক্ষণ লেখার পর ক্ষোভে ও লজ্জায় পরীক্ষা না দিয়ে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়।
রাত ৯টার দিকে তার বাবা জাকারিয়ার বিরুদ্ধে থানায় মামলায় দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ জাকারিয়াকে আটক করে।
দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে জাকারিয়া ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
জিজ্ঞাসাবাদে জাকারিয়া ঘটনার সত্যতা স্বাীকার করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
জাকারিয়া উপজেলার নান্দিনামধু গ্রামের গাজী মোকাদ্দেস আলীর ছেলে। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৯ ঘ.
bdnews24