২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রী উত্ত্যক্ত, হামলায় ছয় সাংবাদিক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের ছয় সাংবাদিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের ছয় সাংবাদিক আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা এ ঘটনার জন্য ছাত্রলীগকর্মীদের দায়ী করেছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়। আহতরা হলেন- রেডিও এবিসির শাকিল হাসান, চ্যানেল আই'র শেফাউল ইসলাম, যমুনা টেলিভিশনের সাব্বির আহমেদ, নিউএজ'র তাওহিদ আহমেদ, সাপ্তাহিক ২০০০ এর মনির মমতাজ এবং বার্তা টোয়েন্টিফোর'র হাবিব। এর মধ্যে শাকিলকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে দেখা করে উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী বলেন, রোকেয়া হল থেকে টিএসসির দিকে আসার সময় জসীম উদ্দিন হলের ছাত্রলীগকর্মী লোক প্রশাসন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিদুল ইসলাম মাহী, দর্শন দ্বিতীয় বর্ষের রুবায়েত, বাংলা দ্বিতীয় বর্ষের সোহেল ও রুমি তাকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রী এর প্রতিবাদ জানালে তারা অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়। খবর পেয়ে তার কয়েকজন সাংবাদিক বন্ধু টিএসসির ডাসের কাছে এলে উত্ত্যক্তকারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাসিম আল মোমিন রূপক, সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব নন্দীসহ আরো কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর উত্ত্যক্তকারী মাহীর নেতৃত্বে জসীম উদ্দিন হলের ২০/২৫ জন ছাত্রলীগকর্মী কেন্দ্রীয় নেতা ও বিশ্ববিদ্যালয় নেতাদের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, "হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগের হলে আমাদের সামনে এমন করত না।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০১৭ ঘ.