বাগেরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বাগেরহাটে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মিলন সরকার (৪৫) বাগেরহাটের মংলা উপজেলার কাইনমারী সেন্ট মেরী'স প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শনিবার বিকালে তিনি পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর (১১) শ্লীলতাহানি করেন বলে ওই ছাত্রী অভিযোগ করে। ওই রাতেই তাকে পুলিশে দেওয়া হয়।
রোববার সকালে ছাত্রীটির বাবা মংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
একইদিন মিলন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, শনিবার স্কুল ছুটির পর তার মেয়ে অন্যান্য দিনের চেয়ে দেরিতে বাড়ি আসে এবং অসংলগ্ন আচরণ করতে থাকে। পরে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। বাবা-মা'র অনেক জিজ্ঞাসাবাদে মিলন সরকার তার শ্লীলতাহানি করেন বলে জানায়।
ঘটনাটি তার বাবা স্থানীয়দের জানালে রাতে তাকে পুলিশে দেওয়া হয়।
মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, আটক শিক্ষক ঘটনার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৫ ঘ.
bdnews24