কুড়িগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ছোট বোন।
পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌরসভার নাজিরা ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হামলায় আহত কিশোরীকে (১৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কুড়িগ্রাম রাইফেলস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতেই কিশোরীটির মা একটি মামলা করেছেন। এরপর রাত ১১টার দিকে বখাটে মজিবর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ফকিরপাড়া গ্রামে।
এসআই জানান, পরে মজিবর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, বাদি অভিযোগ করেছেন- শনিবার সন্ধ্যায় প্রতিবেশী মজিবর রহমান তার বড় মেয়েকে (২১) অশালীন মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে থাকা ছোট বোন প্রতিবাদ করে।
এতে মজিবর ক্ষিপ্ত হয়ে দু'বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে সে ধারালো দা দিয়ে দিয়ে কোপ দিলে তার ছোট মেয়ের বাম কান কেটে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।
মজিবর দীর্ঘদিন ধরেই তার দুই মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। একাধিকবার সালিসের মাধ্যমে মীমাংসা হলেও মজিবরকে ঠেকিয়ে রাখা যায়নি।
আহত কিশোরীর বাবা ইউনুছ আলী সরদার সেনাবাহিনীতে চাকরি করেন। বর্তমানে সুদানে শান্তিরক্ষা মিশনে রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24