চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে এক 'বখাটের' ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
এছাড়া তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু'দিন কারাভোগ করতে হবে।
শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত মামুন মিয়াকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে।
মামুন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশের এলাকার আজহার মোল্লার ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে সিইপিজেড এলাকা থেকে মামুন মিয়াকে আটক করে বন্দর থানা পুলিশ।
শনিবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। সিএমপি অ্যাক্টের ৭৮ ধারায় আদালত তাকে সাজা দেন।
বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মেজবাহ জানান, মামুন মিয়া সিইপিজেড'র একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে চাকরি ছেড়ে দেন।
চাকরিতে থাকার সময়ও তিনি সিইপিজেডের বিভিন্ন পোশাক কারখানার নারী শ্রমিকদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মেজবাহ আরো জানান, শুক্রবার বিকালে পোশাক কারখানা ছুটি হলে মামুন মিয়া সিইপিজেড এর মূল ফটকে দাঁড়িয়ে নারী শ্রমিকদের উত্ত্যক্ত করেন।
এরপর এক নারী শ্রমিক বন্দর থানায় অভিযোগ করলে পুলিশ সিইপিজেড এলাকা থেকে মামুন মিয়াকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24