২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্ত্যক্তকারী' জ্বালিয়ে দিয়েছে কিশোরীর বাড়িঘর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উত্ত্যক্তকারী ও তার সঙ্গীরা এক কিশোরীর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

গাইবান্ধা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উত্ত্যক্তকারী ও তার সঙ্গীরা এক কিশোরীর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সন্ধ্যায় 'উত্ত্যক্তকারী' হাফিজার রহমান (২৫) ও তার বাবা হাসেন আলীকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক জিএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, গোবিন্দনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার মেয়ে (১৩) স্থানীয় আনন্দ স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়ে। দীর্ঘদিন থেকে একই গ্রামের হাফিজার স্কুলে যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। এতে নুরুজ্জামান মিয়া মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন। কয়েকদিন পর আনন্দ স্কুলের শিক্ষকের অনুরোধে তাকে আবার স্কুলে পাঠাতে শুরু করেন। গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে হাফিজার মেয়েটিকে আবার উত্ত্যক্ত করলে সে দৌড়ে বাড়ি চলে যায়। হাফিজ ও তার সঙ্গীরা পেছন পেছন তাদের বাড়ি পর্যন্ত যায়। এসময় হাফিজুর ও তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে নুরুজ্জামান মিয়ার কথাকাটাকাটি হয়। হাফিজার নুরুজ্জামানকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। শুক্রবার গভীর রাতে হাফিজুর তার সঙ্গীদের নিয়ে নুরুজ্জামান মিয়ার বাড়িতে আগুন দেয় বলে নুরুজ্জামান মিয়া অভিযোগ করেন। আগুনে নুরুজ্জামান মিয়ার তিনটি ঘর পুড়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, এ ব্যাপারে নুরুজ্জামান মিয়া বাদী হয়ে হাফিজার রহমানসহ তিনজনকে আসামি করে থানায় মামলা (নন্বর-১৬) দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.