২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত: জামালপুর-চাঁদপুরে গ্রেপ্তার ২

মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে জামালপুর ও চাঁদপুরে দুই বখাটে যুবক গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 06:45 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে জামালপুর ও চাঁদপুরে দুই বখাটে যুবক গ্রেপ্তার হয়েছে। দুটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর সদর থানা পুলিশ শহরের লাংগলজোড়া থেকে বৃহস্পতিবার রাতে জাহিদুল ইসলাম নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আনসার উদ্দিন জানান, লাংগলজোড়া গ্রামের মো. সোলায়মানের মেয়ে সেলিনা (২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছোট ভাইকে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের বখাটে যুবক জাহিদুল (২৮) তাকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় সেলিনার মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে জাহিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। সে লাংগলজোড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ উত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার বিকালে জামান খান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার জানান, উপজেলার কামালদী মাথাভাঙ্গা গ্রামের হানিফ প্রধানের মেয়ে সাথীকে (১৩) বেশ কিছুদিন ধরে কলাকান্দা গ্রামের নুরু খানের ছেলে জামান খান রাস্তায় উত্যক্ত করত। এ ব্যাপারে হানিফ প্রধান বাদি হয়ে বৃহস্পতিবার মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। হানিফ প্রধান থানায় অভিযোগ করেন, গত বুধবার জামান খান তাদের বাড়ীতে গিয়ে বিভিন্ন হুমকি দিয়ে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়। সাথী হাশিমপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী হিসাবে জেডিসি পরীক্ষার্থী। ওসি বলেন, "থানায় মামলার পরিপ্রেক্ষিতে জামান খানকে আমরা গ্রেপ্তার করেছি। ইভটিজিং এর ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। গত দুদিন ধরে আমরা ইভটিজিং এর বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছি। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বিরোধী প্রচারণা চালানো হয়েছে এবং কয়েকজন বখাটে যুবককে প্রাথমিক শায়েস্তা করে ছেড়ে দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৩৬ ঘ.