ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার চাঁদপুর ও সিরাজগঞ্জে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জে উত্ত্যক্তকারীর বিরুদ্ধে ইউএনও'র কাছে অভিযোগ করেছেন এক স্কুলছাত্রীর অভিভাবক।
বাগেরহাটে মিজানুর রহমান ও চাঁপারাণী হত্যার বিচারসহ উত্ত্যক্তকরণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চাঁদপুর: মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রাম থেকে বিকালে জামান খান (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামান ওই গ্রামের নুরু খানের ছেলে।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বলেন, উপজেলার কামালদী মাথাভাঙ্গা গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল জামান।
এ বিষয়ে থানায় মেয়েটির বাবার করা একটি মামলায় জামানকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার জামান মেয়েটির বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। রাজি না হলে তাকে জোর করে তুলে নিয়ে যাবে বলে জানিয়ে আসে।
মেয়েটি এবার হাশিমপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী হিসেবে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী।
সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার মালশিং গ্রাম থেকে সকালে গ্রেপ্তার করা হয় আব্দুল মোমিনকে (২৩)।
মোমিন ওই গ্রামের সাগের আলীর ছেলে।
আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
তাড়াশ থানার ওসি শামীম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ অক্টোবর সকালে ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক সহকারী শিক্ষিকাকে অশ্লীল প্রস্তাব দেয় মোমিন।
এ ঘটনায় শিক্ষিকা সোমবার (১ নভেম্বর) থানায় মামলা দায়ের করেন।
গোপালগঞ্জ: উত্ত্যক্তকারীর বিরুদ্ধে কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন স্থানীয় জয়নগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক।
বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক লস্করের মাধ্যমে অভিযোগপত্রটি ইউএনওর কাছে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, উপজেলার শিবগাতী গ্রামের আসালত কাজীর ছেলে ফরিদ কাজী (২২) গত দুই বছর ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছে। স্কুলে আসা-যাওয়ার পথে বিরক্ত করে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠকে জরিমানাও করা হয়। কিন্তু এতে কোনো কাজ হয়নি।
প্রধান শিক্ষক জানান, মেয়েটিকে তার মা-বাবা স্কুলে আনা-নেওয়া করেন। তারপরও বিভিন্নভাবে তাকে উক্ত্যক্ত করায় এই অভিযোগ দেওয়া হয়।
কাশিয়ানী থানা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি শিবগাতী গ্রামের মো. আবু মৃধা বলেন, এক বছর আগে এ ব্যপারে সালিস করা হয়েছিল। কিন্তু তারপরও ফরিদ ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছে।
বাগেরহাট: মিজানুর রহমান ও চাঁপারাণী হত্যার বিচারসহ উত্ত্যক্তকরণ বন্ধের দাবিতে সকালে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সাইনবোর্ড স্পোর্টিং ক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
এতে স্থানীয় রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় ও গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাঁচ শ'য়েরও বেশি শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজার রহমান, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, ইউএনও আশরাফুল ইসলাম, কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম এবং সাইনবোর্ড স্পোর্টিং ক্লাবের সভাপতি তাপস কুমার দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24