ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে নারী উত্ত্যক্তকারীদের কঠোর সাজার ব্যবস্থা করার দাবি জানিয়েছে আট নারী সংগঠন।
মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় আইন ও সালিস কেন্দ্র, ব্রাক, ব্লাস্ট, কর্মজীবী নারী, মহিলা পরিষদ, নিজেরা করি, নাগরিক উদ্যোগ এবং স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যপড়েন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনি বিষয় বিভাগের উপ-পরিচালক নীনা গোস্বামী।
লিখিত বক্তব্যে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌন হয়রানী সংক্রান্ত ১০(২) ধারা যা ২০০৩ সালে রদ করা হয় তার প্রয়োজনীয় পরিমার্জন, পরিবর্ধনসহ পুনঃস্থাপন, দণ্ডবিধির ৫০৯ ধারার ব্যাখ্যা স্পষ্ট করে সাজার পরিমাণ বৃদ্ধি করে সংশোধন ও পরিবর্ধন করার দাবি জানানো হয়।
মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের মৃত্যুকে দুর্ঘটনাজনিত হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চাঁপা রানীর তিন মেয়ের সম্পূর্ণ শিক্ষা ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা, সরকারের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে সচেতনতামূলক কার্যক্রম শুরুর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
আট সংগঠনের প্রতিনিধিরা নাটোর ও ফরিদপুরে উত্ত্যক্ততার শিকার হয়ে নিহতদের বাড়ি ঘুরে এসে এ সংবাদ সম্মেলন করেন।
আটটি সংগঠনের পক্ষ থেকে ফরিদপুরে ১২ জন এবং নাটোরে ১০ জন প্রতিনিধি সরেজমিন দেখতে গিয়েছিলেন।
আইন ও সালিশ কেন্দ্রের আইনি বিষয় বিভাগের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, নাটোরে মিহত শিক্ষক মিজানুর রহমানের মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে একে দুর্ঘটনাজনিত কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
"চিকিৎসক সরাসরি এ ধরণের সিদ্ধান্ত দিতে পারেন না," জানিয়ে ইয়াসমিন বলেন, "তিনি এতে (ময়নাতদন্ত প্রতিবেদনে) মটর সাইকেলের আঘাতে নিহত ব্যক্তির কী ক্ষতি হয়েছে তা উল্লেখ করবেন।"
নীনা গোস্বামী বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদনে এ ধরণের কথা থাকলে মামলা অনেক দুর্বল হয়ে যায়। তাই সংশ্লিষ্ট চিকিৎসককে সুনির্দিষ্ট ক্ষতির কথা বলতে হবে।"
নিজেরা করি'র পরিচালক খুশী কবির বলেন, "আসামী পক্ষ যেন এসব হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাস্টের নির্বাহী পরিচালক মুহসীন আলী খান, বাংলাদেশ মহিলা পরিষদের মাকসুদা আলী লাইলী, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, ব্রাকের শিপা হাফিজ, কর্মজীবী নারীর রোকেয়া রফিক, আসকের চেয়ারম্যান হামিদা হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24