২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার বখাটে গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত ১১

ঠাকুরগাঁও ও চাঁদপুরে চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও ও চাঁদপুরে চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জে ১১ বখাটেকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ঠাকুরগাঁও: এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে আসাদুজ্জামান সাগর (২২) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার সালন্দর মণ্ডলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, সাগরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, শহরের শান্তিনগর এলাকার কলেজছাত্রী সীমা তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, শনিবার বিকালে সালন্দর ডিগ্রি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রী সীমা ক্লাস শেষে বান্ধবীদের সঙ্গে মাঠে বসে গল্প করছিলেন। এ সময় বখাটে সাগর কলেজ মাঠে আসে এবং ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন কথা বলতে থাকে। এতে সীমা প্রতিবাদ করলে বখাটে সাগর ক্ষিপ্ত হয়ে তাকে চড় থাপ্পড় মারে। ছাত্রীরা অভিযোগ করেন, বহিরাগত ওই বখাটে প্রায় সময়ই কলেজে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করতো। সীমার মা খাতিজা বেগম সাংবাদিকদের বলেন, "মেয়েকে নিয়ে আমি আতঙ্কিত। আমি এর সুষ্ঠু বিচার চাই।" কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলে ও মেয়ের অভিভাবকরা বিষয়টি আপোষ করেছিলো। গোপালগঞ্জ: শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ ১১ জনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এরা হলো- সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণ পাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে রমজান বিশ্বাস (১৮), একই গ্রামের মঙ্গল মোল্লার ছেলে রিয়াজুল ইসলাম মোল্লা (১৮), ছোটফা গ্রামের ইকু মোল্লার ছেলে মো. আল আমীন (১৫), বোড়াশী গ্রামের খোন্দকার মো. আলীর ছেলে মো. শামীম রেজা (২১), একই গ্রামের মো. লুৎফর মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২২), শহরের মান্দার তলার নূরুল ইসলামের ছেলে নাঈমুল ইসলাম রনি (২০), মো. শাহজাহান মোল্লার ছেলে মারুফ মোল্লা (২১), মো. মকবুল হোসেনের ছেলে রতন শেখ (২২) ও মজিবর রহমান খানের ছেলে সাগর খান (২০), কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ি গ্রামের সুধীর মৃধার ছেলে লভু বিশ্বাস (১৯) ও একই গ্রামের গৌরাঙ্গ লাল মল্লিকের ছেলে জয় মল্লিক পলাশ ( ২২)। গোপালগঞ্জের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্কুল শুরু ও ছুটির সময় ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটছে। তিনি জানান, জেলা পুলিশ ইভটিজিং প্রতিরোধে একাধিক দল গঠন করে সোমবার থেকে ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুস আমীন এই অভিযান তদারক করছেন। অভিযান আব্যাহত থাকবে। চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে নোমান (২৫), আনোয়ার হোসেন (২৪) ও ওয়াহিদ (২৫) নামের তিন বখাটেকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের পাশের বেলতলী এলাকা থেকে এদের আটক করা হয়। ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত জানান, বেলতলী এলাকায় দাঁড়িয়ে স্কুল ও কলেজে আসা ছাত্রীদের উত্যক্ত করার বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়ে। পরে তারা পুলিশকে খবর দিলে তিনজনকে গ্রেপ্তার করে। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার দুর্গাদী গ্রামে। তাদের সন্দেহভাজন (৫৪ ধারায়) হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.