২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালীর শেষকৃত্য সম্পন্ন, বখাটের শাস্তি দাবি

বখাটের বাড়িতে আত্মহত্যা করা স্কুলছাত্রী রূপালী রানীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

বগুড়া/সিরাজগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বখাটের বাড়িতে আত্মহত্যা করা স্কুলছাত্রী রূপালী রানীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলায় বগুড়ার শেরপুর উপজেলার খলিসাগাড়ী গ্রামের একটি শ্মশানে তার শেষকৃত্য হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে দুপুর ১২টায় রূপালীর লাশ বাড়িতে আনা হয়। এ সময় তার স্বজন ও প্রতিবেশিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। রূপালী রানি (১৬) রায়গঞ্জ উপজেলা সংলগ্ন বগুড়ার শেরপুরের সীমাবাড়ি এলাকার এস আর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলো। সে বগুড়ার শেরপুর উপজেলার খলিসাগাড়ী গ্রামের সুনীল বরাতির মেয়ে। পুলিশ বলেছে, সোমবার বাড়ির কাছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামে শিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার সময় বখাটে সুশীল মণ্ডল তাকে ধরে নিয়ে যায়। বাড়িতে নিয়ে জোর করে সিঁদুর পরিয়ে দিয়ে একটি ঘরে আটকে রাখে। আটক অবস্থায় রূপালী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রূপালীর মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সুশীলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় সুশীলসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন রূপালীর ভাই কনক কুমার বরাতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ময়না তদন্ত শেষে রূপালীর লাশ বাড়ির আনার পর তার স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। মেয়ের শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন সুনীল বরাতি ও তরী রানী বরাতি। এলাকার শোকার্ত মানুষ রূপালীকে দেখতে ভিড় জমায়। ছুটে আসে তার শিক্ষক, সহপাঠী ও তাদের অভিভাবকরা। শোকার্ত সুনীল বরাতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপালী স্থানীয় নিঝুড়ি করতোয়া নিুমাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে এ বছরই সীমাবাড়ি এস আর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়। রূপালীর স্বপ্ন ছিলো উচ্চশিক্ষা লাভ করে সাংবাদিকতা করার। কিন্তু বখাটের কারণে অকালেই ঝরে গেলো সে। মেয়ের আত্মহত্যার জন্য দায়ী বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কান্নায় ভেঙ্গে পড়ে সুনীল। বগুড়া প্রতিনিধি জানান, রূপালীর পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়ি যান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন সরকার মুকুল প্রমুখ। তারা রূপালীর পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং অভিযুক্তদের শাস্তি দাবি করেন। রূপালীর মৃত্যুর ঘটনায় অপরাধীদের শাস্তি দাবি করে তার সহপাঠী ও শিক্ষকরা মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজারের কাছে মানববন্ধন করে। স্থানীয় সর্বস্তরের জনতা তাদের সঙ্গে এই মানববন্ধনে যোগ দেয়। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির কারণে মানববন্ধন কর্মসূচি শেষ করে সবাই ফিরে যায়। রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভা ও স্থানীয় সামাজিক সংগঠন নিজেরা করি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করে। তারা অপরাধীদের বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ওসমান গণি মঙ্গলবার সকালে রূপালীর লাশের ময়না তদন্ত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়না তদন্তের প্রতিবেদন তৈরি করতে দুদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে এখন কিছু বলা যাবে না।" সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নূর ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়না তদন্ত সম্পর্কে বিস্তারিত কিছু এখনও আমি জানতে পারিনি।" রূপালীর আত্মহত্যার পর আটক সুশীল মণ্ডল থানা হেফাজতে আছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি শামসুল হক। রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার রহমানের জানান, আসামিদের মধ্যে সুশীল মণ্ডল ছাড়াও রয়েছেন তার ভাই ঈশ্বর চন্দ্র মণ্ডল (৪২), রমেশ চন্দ্র মণ্ডল (৩৫), কিঙ্কর চন্দ্র মণ্ডল (৩০) ও পলাশ চন্দ্র মণ্ডল (২৮)। ওসি জানান, বাকি আসামিদের আটক করার জন্য সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, সুশিল বরাতির বাড়ির লোকজন সবাই পালিয়েছে। স্থানীয় গ্রামপুলিশ বাড়িটি পাহারা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.