২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ততা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

তিনজনের মৃত্যুর পর উত্ত্যক্তকারীদের দৌরাত্ম্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিকল্পনা করছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 08:40 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনজনের মৃত্যুর পর উত্ত্যক্তকারীদের দৌরাত্ম্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক মঙ্গলবার একথা জানিয়েছেন। তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "ইভটিজিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এ অপরাধের বিচার যেন ভ্রাম্যমাণ আদালতে করা যায়, সেজন্য আইন সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তাদের মতামত পাওয়া গেলে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে।" এ অপরাধ (ইভটিজিং) প্রতিরোধে আইনের অপ্রতুলতার কথা উল্লেখ করে শামসুল হক টুকু বলেন, এজন্য পর্যাপ্ত আইন নেই। প্রয়োজনে ইভটিজিং বন্ধে নতুন ও সময়োপযোগী আইনও করবে সরকার। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 'কোরবানীর পশুর হাটের নিরাপত্তা এবং চামড়া পাচার বন্ধে করণীয়' নির্ধারণ সংক্রান্ত এক সভায় অংশ নেন। প্রতিমন্ত্রী জানান, ইভটিজিং বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষমতা বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেই। এজন্য বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারাকে ভ্রাম্যমান আদালতের এখতিয়ারে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। গত মাসে বখাটেদের হামলায় নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান এবং ফরিদপুরে অভিভাবক চাঁপা রানী ভৌমিক নিহত হন। ১ নভেম্বর সিরাজগঞ্জে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ স্কুলছাত্রী রূপালী রানি আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। উত্ত্যক্তকারীদের দৌরাত্ম্য বন্ধে তাদের পরিবারকেও চাপে রাখার কৌশল নেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, "ইভ টিজারদের পরিবারকে চাপে রাখতে প্রয়োজনে তাদের বাবা-মা এবং পরিবারের সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।" আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইভটিজিং বন্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ফরিদুপরের মধুখালীতে চাঁপা রানী হত্যামামলায় বখাটেদের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫৩৬ ঘ.