২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটে রাজন রিমান্ডে

শিক্ষক মিজানুর রহমান হত্যামামলার প্রধান আসামি আব্দুল আওয়াল রাজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

নাটোর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক মিজানুর রহমান হত্যামামলার প্রধান আসামি আব্দুল আওয়াল রাজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিমের আবেদনে নাটোরের বিচারিক হাকিম মো. মজিবুর রহমান মঙ্গলবার এ অনুমতি দেন। তদন্ত কর্মকর্তা অবশ্য সাত দিন হেফাজতের আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে রাজনের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করেন হাকিম। পুলিশ কর্মকর্তা রহিম সাংবাদিকদের বলেন, "জিজ্ঞাসাবাদের জন্য রাজনকে আগামীকাল (বুধবার) নাটোর কারাগার থেকে বাগাতিপাড়ায় থানায় নিয়ে যাওয়া হবে।" ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুরের ওপর মোটর সাইকেল তুলে দেয় বখাটেরা। অনেকদিন অচেতন থাকার পর ২৪ অক্টোবর তাকে মৃত ঘোষণা করা হয়। মিজানের ওপর মোটর সাইকেল তুলে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত রাজনকে ২৮ অক্টোবর ঝিনাইদহে গ্রেপ্তার করা হয়। মিজানের মৃত্যুর পর সারাদেশে নিন্দা-প্রতিবাদের ঝড় বইছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলান নাহিদ সোমবার মিজানের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একটি প্রতিনিধি দল মঙ্গলবার মিজানুরের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও কেন্দ্রীয় স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। মিজানের কবর জিয়ারতের পর আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, "বর্তমানে সমাজে অস্থিরতা বিরাজ করছে। দেশে সুশাসন শাসন না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.