সিরাজগঞ্জ/বগুড়া, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঁথিতে জোর করে উত্ত্যক্তকারীর সিঁদুর পরানোর যন্ত্রণায় মৃত্যুকে বেছে নেওয়া স্কুলছাত্রী রূপালী রানির ময়নাতদন্ত সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ওসমান গণি মঙ্গলবার সকালে ময়না তদন্ত সম্পন্ন করেন।
ওদিকে গ্রেপ্তারকৃত উত্যক্তকারী সুশিল মণ্ডলকে রায়গঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখার পর মঙ্গলবার সকলে সিরাজগঞ্জে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের আরএমও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করতে দুদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে এখন কিছু বলা যাবে না।"
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নূর ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ময়না তদন্ত সম্পর্কে বিস্তারিত কিছু এখনও আমি জানতে পারিনি।"
রায়গঞ্জ থানার ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনার মূল হোতা সুশিলের নাম বলা হয়েছিলো সুশিল বরাতি। কিন্তু তার নাম সুশিল মণ্ডল। মামলায় তার নাম সুশিল মণ্ডল লেখা হয়েছে। তাকে সোমবার রাতে থানা হেফাজতে রাখা হয়। তাকে সিরাজগঞ্জে আদালতে হাজির করা হচ্ছে।
রূপালী রানি (১৬) রায়গঞ্জ উপজেলা সংলগ্ন বগুড়ার শেরপুরের সীমাবাড়ি এলাকার এস আর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিলো। সে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিসাগাড়ী গ্রামের সুনীল বরাতির মেয়ে।
পুলিশ জানায়, রূপালী সোমবার সকাল ৬টার দিকে খলিসাগাড়ী থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনো ইউনিয়নের নিঝুড়ি গ্রামে শিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিলো। পথে একটি বাঁশঝাড়ের কাছ থেকে নিঝুড়ি গ্রামের শম্ভু মন্ডলের ছেলে সুশিল মণ্ডল (২৩) তাকে ধরে নিয়ে যায়।
ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রূপালীকে বাড়িতে নিয়ে সিঁদুর পরিয়ে একটি কক্ষে তালা মেরে আটকে রাখে সুশিল। খবর পেয়ে রূপালীর বাবা-মা ওই বাড়িতে পৌঁছে মেয়েকে বের করে দিতে বলে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে ওই কক্ষের দরজা খুলে দেখা যায় রূপালী বাঁশের ধরনায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।"
রূপালীর মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সুশিলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ওদিকে রুপালীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের শাস্তি দাবিতে সীমাবাড়ী আর এফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজারের কাছে মানববন্ধন করে। স্থানীয় সর্বস্তরের জনতা তাদের সঙ্গে এই মানববন্ধনে যোগ দেয়। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির কারণে মানববন্ধন কর্মসূচি শেষ করে সবাই ফিরে যায়।
রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভা ও স্থানীয় সামাজিক সংগঠন নিজেরা করি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করে। তারা অপরাধীদের বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।
রায়গঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় জড়িত অপর পাঁচজনকে আটক করার জন্য সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
তিনি জানান, সুশিল বরাতির বাড়ির লোকজন সবাই পালিয়েছে। স্থানীয় গ্রামপুলিশ বাড়িটি পাহারা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ কেএমএস/১২০৩ ঘ.
bdnews24