২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্ত্যক্তকারীদের কোনো ক্ষমা নেই'

যারা মেয়েদের উত্ত্যক্ত করবে তাদের ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নাটোর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যারা মেয়েদের উত্ত্যক্ত করবে তাদের ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানের হত্যাকারী রাজন ও আসিফকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে যেন দেশের আর কোনো বখাটে যুবক উত্ত্যক্ত করার সাহস না পায়।" সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ইভটিজিংবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি'র বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষক মিজান দেখেছিলেন বখাটে সন্ত্রাসীদের হাত থেকে তার ছাত্রীরা নিরাপদ নয়, তাই তিনি এর প্রতিবাদ করেছিলেন। আর প্রতিবাদ করতে গিয়েই তিনি বখাটেদের নির্যাতনে নিহত হয়েছেন। এটা দুঃখজনক। জাতির জন্য এটা কলঙ্কজনক। মন্ত্রী বলেন, "শিক্ষক মিজানের যে স্বাভাবিক মৃত্যু হওয়ার কথাছিল এই বখাটে সন্ত্রাসীরা তা হতে দেয়নি। ইভটিজিং জানোয়ারদের কাজ, মানুষ হিসেবে আমরা তা সহ্য করবো না। এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হবে।" উত্ত্যক্তকারীদের বখাটে সন্ত্রাসী আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষামন্ত্রী হিসেবে এই আন্দোলনে তিনি নিজেই নেতৃত্ব দেবেন। তিনি বলেন, শিক্ষকদের জন্য নির্দেশনা তৈরির কাজ চলছে। এই নিদের্শনায় এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রী আরো বলেন, সমাজের প্রতিটি মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে তাদের সন্তানেরা যেন ইভটিজার না হয়। যারা ইতোমধ্যে বখে গেছে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। নাটোরের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইভটিজিংবিরোধী এই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, মাধ্যমিক শাখার উপ-পরিচালক তরুণ কুমার সরকার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান ও সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম, লোকমানপুর কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, লোকমানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম আলী প্রমুখ। নাটোর যাওয়ার আগে শিক্ষামন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে নিহত শিক্ষক মিজানুর রহমানের বাড়ি চারঘাটের চকলক্ষ্মীপুর গ্রামে যান। তিনি মিজানুর হত্যার ঘটনায় দয়ের মামলার কার্যক্রম দ্রুত শেষ করার আশ্বাস দেন মা জাহেরা বেগমকে। এছাড়া মন্ত্রী মিজানুরের কবর জিয়ারত করেন। তখন মিজানুরের স্ত্রী রাজিয়া বেগম ও চার বছরের মেয়ে মম ঢাকায় ছিলেন। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমান ওরফে রশীদ (৩৬) গত ১২ অক্টোবর কলেজের সামনে বখাটেদের হামলার শিকার হন। আসিফ ও রাজন নামে দুই বখাটে তার গায়ে মটরসাইকেল উঠিয়ে দিয়েছিলো। এরপর তারা রড দিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে গুরুতর যখম মিজানুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ অক্টোবর তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর ঢাকায় মারা যান তিনি। হামলার ঘটনায় বাগাতিপাড়া থানায় আসিফ ও রাজনকে আসামি করে একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন মিজানুরের স্ত্রী। মিজানুরের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়। এদিকে, সোমবার সকালে মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁয় উত্ত্যক্তকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক পরিবারের তিনজনকে দেখতে যান। মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/এমএসবি/২০৫৬ ঘ.