রাজশাহী/নওগাঁ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় এক নারীকে উত্ত্যক্তকারী নবিবর রহমান লাকু রাজশাহীতে গ্রেপ্তার হয়েছে।
সোমবার বিকালে রাজশাহী নগরীর ডাসপুকুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে লাকুকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন।
লাকু কিছুদিন ধরে নওগাঁ শহরের খাস নওগাঁ মহল্লার এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলো। এর প্রতিবাদ করায় শনিবার রাতে ওই গৃহবধূর স্বামী ও সন্তানকে ছুরিকাঘাত করে।
রাজপাড়া থানার এএসআই হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাসপুকুর এলাকায় ফুপুর বাড়ি এসে পালিয়ে ছিলো লাকু। গ্রেপ্তারের পর তাকে নওগাঁ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
লাকুর বাড়ি নওগাঁর সদর থানার চক দেবপাড়া এলাকায়।
হামলার অভিযোগে নওগাঁ থানায় একটি মামলা হয়েছে। সে মামলায় লাকুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।
এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছুরিকাঘাতে আহতদের দেখতে সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের সামনেই নওগাঁর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। এরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.
bdnews24