ঠাকুরগাঁও, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগে আসাদুজ্জামান সাগর (২২) নামে এক 'বখাটে' তরুণকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে সদর উপজেলার সালন্দর মণ্ডলপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার সালন্দর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সীমা ক্লাস শেষে বান্ধবীদের সঙ্গে মাঠে বসে গল্প করছিল। এ সময় সাগর হিন্দী গান গাইতে গাইতে কলেজ মাঠে প্রবেশ করে এবং ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করে।
সীমা এর প্রতিবাদ করলে সাগর তাকে মারধর করে।
ওসি বলেন, "সীমার পরিবারের অভিযোগে সাগরকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার করা হবে।"
কলেজের কয়েকজন ছাত্রী জানান, বহিরাগত সাগর প্রায়ই কলেজে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করতো।
সীমার মা খাতিজা বেগম সাংবাদিকদের বলেন, "আমি এর সুষ্ঠু বিচার চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24