২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপা হত্যাকাণ্ড: রনির তিনদিনের রিমান্ড

ফরিদপুরে চাঁপা রাণী ভৌমিক হত্যা মামলার মূল আসামি দেবাশীষ সাহা রনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে তিনদিন সময় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ফরিদপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে চাঁপা রাণী ভৌমিক হত্যা মামলার মূল আসামি দেবাশীষ সাহা রনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে তিনদিন সময় দিয়েছে আদালত। সোমবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে রনিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোম্মদ আলী। শুনানি শেষে হাকিম মমিনুল হাসান তিনদিনের হেফাজত মঞ্জুর করেন। রোববার সকালে ঝিনাইদহ পুলিশের সহায়তায় ঝিনাইদহ শহরের আরবপুর বাসস্ট্যান্ড থেকে রনিকে গ্রেপ্তার করে ফরিদপুর পুলিশ। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মধুখালী উপজেলা সদরে বখাটেদের মটর সাইকেলের ধাক্কায় চাঁপা রাণী (৪৮) নিহত হন। চাঁপা নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দেবাশীষ সাহা রনি এবং তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। চাঁপা হত্যা মামলায় এর আগে রনির বন্ধু ও স্বজনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে হত্যাকারীদের বিচার দাবি করে চাঁপার বাড়ির সামনের মহাসড়কে সোমবার দুপুরে সমাবেশ করেছে মধুখালী উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রী কমিটির সহ-সভাপতি সেলিমা রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, জহুরুল হক শাহজাদা প্রমুখ। এর আগে রোববার আটটি মানবাধিকার সংগঠনের নেতারা এক সংবাদ ব্রিফিংয়ে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) নামে যৌন হয়রানি বন্ধ করতে দণ্ডবিধি ও শিশু নির্যাতন আইন সংশোধনের দাবি জানান। তারা প্রেসক্লাবের সামনে ফরিদপুর নারী ও শিশু নির্যাত প্রতিরোধ পর্ষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্ট এর সঙ্গে দেখা করেন। সংগঠনগুলো হচ্ছে- আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, নিজেরা করি, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, ব্লাস্ট, কর্মজীবী নারী, ব্র্যাক ও নাগরিক উদ্যোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮২৩ ঘ.