২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালীর মৃত্যুর পর স্কুলছুটি, কর্মসূচি সতীর্থদের

রূপালী রানির মৃত্যুর পর শোকাচ্ছন্ন সীমাবাড়ি এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার আর ক্লাস হয়নি। রূপালীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তি দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

জিয়া শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বগুড়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপালী রানির মৃত্যুর পর শোকাচ্ছন্ন সীমাবাড়ি এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার আর ক্লাস হয়নি। রূপালীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তি দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিঁথিতে জোর করে উত্ত্যক্তকারীর সিঁদুর পরানোর যন্ত্রণা থেকে সোমবার সকালে আত্মহত্যা করে নবম শ্রেণীর ছাত্রী রূপালী। তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুশীল বরাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার আরো সহযোগীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। রূপালীর বাবা দুলাল চন্দ্র সাংবাদিকদের বলেন, "হিন্দু মেয়েদের সিঁথিতে সিঁদুর পরালে বিয়ে হয়ে যায়, একথা চিন্তা করেই হয়তো রূপালী ভেবেছিলো, এই বখাটের সঙ্গে তাকে ঘর করতে হবে। এ লজ্জা আর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সে।" বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই রূপালীর প্রসংসা করে তার মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি চেয়েছেন। প্রধান শিক্ষক পরিমল সাহা বলেন, "রূপালী নম্র-ভদ্র প্রকৃতির ছাত্রী ছিল। কখনোই কারো সঙ্গে ঝগড়া বিবাদ করতো না। তার মৃত্যুতে স্কুলের ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।" মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে রূপালীর বাড়িতে ছুটে যান স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষকরা। সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, "গতকাল (রোববার) শেষ ক্লাসটি ছিলো আমার। যাওয়ার সময় সালাম দিয়ে রূপালী বলেছিলো, 'স্যার, আসি'। আমার ১১ বছরের শিক্ষকতায় এত ভালো মেয়ে দেখিনি।" রূপালীর বান্ধবী একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাকিলা শবনম ও ইতি চৌহান বলেন, "রূপালী এত সুন্দরভাবে বান্ধবীদের সঙ্গে মিশতে পারত যে একবার পরিচয় অনেকেই তার কাছের মানুষ হয়ে যেত।" শিক্ষক-শিক্ষার্থী সবাই রূপালীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উত্ত্যক্তকারী সুশীলের বাড়ি থেকে রূপালীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। তবে রূপালীর বাবা দুলাল বলেন, সিঁথিতে জোর করে সিঁদুর দিয়ে তাকে শ্লীলতাহানি করে লাশ ঝুলিয়ে রাখাও হতে পারে। ময়না তদন্তে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.