ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে নিহত কলেজ শিক্ষক মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে আটটি মানবাধিকার ও নারী সংগঠন।
রোববার আইন ও সালিস কেন্দ্র্রের (আসক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের বিচার দাবি করে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ, অভিযুক্তদের বিচার নিশ্চিত করা, এ জন্য দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশে সোমবার নাটোর ও ফরিদপুর যাবে ওই সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল।প্রতিনিধিদল ঢাকায় ফিরে ২ নভেম্বর বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটি নিলনায়তনে সংবাদ সম্মেলন করবে।
এই আট সংগঠন হলো, আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক, নিজেরা করি, ব্লাস্ট, স্টেপস, নাগরিক উদ্যোগ, মহিলা পরিষদ ও কর্মজীবী নারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24