চাঁদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় দায়ের করা মামলায় তিন উত্যক্তকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলো আরিফ হোসেন (২৪), মমিন (২৩) ও তানজিদ (২৫)। এই তিনজনই কচুয়ার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
পুলিশ জানায়, আরিফ হোসেনের নেতৃত্বে কয়েকজন বখাটে ওই ছাত্রীকে গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে। এসময় ছাত্রীর ফুফাত ভাই প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারধর করে।
এ খবর পেয়ে ওই ছাত্রীর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। বখাটেরা সে সময় ছাত্রীর বাবা রফিকুল ইসলাম বাবুল (৪৫) ও চাচা মফিজুল ইসলাম মধু (৩৮) কে মারধর করে।
বাবুল ও মধুকে কুমিল্লায় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় রফিকুল ইসলাম ওই তিনজনসহ ৭/৮ জনকে আসামি করে গত বুধবার কচুয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন আসামিকে শনিবার রাতে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৪০ ঘ.
bdnews24