২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বখাটের হামলায় কলেজ ছাত্রী আহত

ঠাকুরগাঁওয়ে কলেজের মাঠে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছে এক বখাটে যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 05:50 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঠাকুরগাঁও, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে কলেজের মাঠে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছে এক বখাটে যুবক। আহত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সালন্দর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ঐ ছাত্রী (১৯) ক্লাস শেষে বান্ধবীদের সাথে মাঠে বসে ছিল। এ সময় সালন্দর এলাকার বখাটে যুবক সাগর (২২) কলেজ মাঠে প্রবেশ করে তাদের উদ্দেশ্যে অশালীন কথা বলতে থাকে। ওই ছাত্রী এর প্রতিবাদ করলে সাগর ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় এবং প্রহার করে। এতে ছাত্রীটি আহত হয়। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ছাত্রী অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহিরাগত সাগর প্রায় সময়ই কলেজে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করে। প্রতিবাদ করায় মারধর করেছে। ছাত্রীটির মা খাদিজা বেগম বলেন, "সাগর এ ধরনের ঘটনা আবার ঘটাতে পারে। তাই মেয়েকে নিয়ে আমি আতঙ্কিত। আমি এর সুষ্ঠু বিচার চাই।" কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ছেলে ও মেয়ের অভিভাবকরা বিষয়টি আপোষ করেছেন।" সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, "তিনি ঘটনা শুনেছেন। মামলা হলে তিনি ব্যবস্থা নিবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৩৯ ঘ.