রাজশাহী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদকারী নাটোরের লোকমানপুর কলেজের নিহত শিক্ষক মিজানুর রহমানের বাড়ি গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেতারা।
সমিতির একটি প্রতিনিধি দল শুক্রবার বিকালে রাজশাহীর চারঘাটের চক লক্ষ্মীপুরে মিজানুরের বাড়িতে গিয়ে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকালে শিক্ষকরা মিজানুরের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা ইভ টিজিং বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
প্রায় ঘণ্টাব্যাপী অবস্থানকালে শিক্ষক নেতৃবৃন্দ মিজানুরের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সমিতির সভাপতি অধ্যাপক ড. আজিজুল হক ও সাধারণ সম্পাদক ড. আনন্দ কুমারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুলতানুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. এসএম জাহিদ হোসেন, আবুল কালাম ফজলুল হক।
ছাত্রীদেরকে উৎপাতের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারী বখাটেদের হামলায় আহত হয়ে গত ২৩ অক্টোবর নাটোরের লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানের (৩৬) মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24