০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভরণপোষণ চেয়ে স্ত্রীর আরেক মামলা, আল আমিনকে আদালতে তলব

ইসরাত জাহান তার দুই সন্তানকে যেন আল আমিন বাসা থেকে ‘বের করে দিতে’ না পারেন- সেই আদেশও চাওয়া হয়েছে মামলায়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 09:00 PM

Updated : 07 Sep 2022, 09:00 PM

জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা আইনে আরেকটি মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।

বুধবার তিনি ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা করার পর তার আর্জি শুনে আল আমিনকে তলব করেছেন বিচারক শফি উদ্দিন।

নতুন মামলার আর্জিতে ইসরাত জাহান তার দুই সন্তানকে যেন আল আমিন বাসা থেকে ‘বের করে দিতে’ না পারেন- সেই আদেশ এবং মাসিক ভরণ পোষণ ও সন্তানদের লেখাপড়াসহ আনুসঙ্গিক খরচ দাবি করেছেন।

ইসরাত জাহান এদিন আদালতে উপস্থিত হয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন এবং এ সম্পকির্ত ২০১৩ সালের বিধিমালার বিভিন্ন ধারা তুলে ধরে জবানবন্দি দেন। পরে আদালত আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করে।

আগামী ২৭ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন এ আদালতের পেশকার গৌতম চন্দ্র দাস।

২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহান ও আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে আল আমিন স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন না এবং ভরণপোষণও দেন না বলে মামলায় অভিযোগ করেছেন তার স্ত্রী।

মামলার আর্জিতে বলা হয়েছে, গত ২৫ অগাস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে ‘যৌতুক হিসেবে ২০ লাখ টাকা’ দাবি করেন।

“ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল আমিন তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সংসার করবে না বলে জানায়। ইসরাত জাহান ৯৯৯ এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।”

এরপর ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা করেন তিনি।

মামলার আর্জিতে বলা হয়, সবশেষ গত ৩ সেপ্টেম্বর আল আমিন তার মায়ের মাধ্যমে জানান, ইসরাতের সঙ্গে সংসার করবেন না এবং সন্তানদের ভরণপোষণ দেবেন না। প্রয়োজনে বাসা থেকে বের করে স্ত্রীকে তালাক দেবেন।

’পরকীয়ার কারণে’ আল আমিন এ কাজ করছেন বলেও মামলায় দাবি করেছেন ইসরাত জাহান।

এর আগে ইসরাত জাহানের করা যৌতুক ও নির্যাতনের মামলায় হাই কোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছেন আল আমিন। অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমের কাছে তিনি স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।

আরও খবর