শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দোয়া মাহফিল
আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মঙ্গলবার দুপুরে এ আলোচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত হয় আলোচনা সভার পর।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান বক্তব্য দেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা দোয়া মাহফিলে যোগ দেন।
