আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী
৪০ বছর বয়সি নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আশুলিয়ার একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নুর ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার বিকালে তারা বার্ন ইউনিটের আইসিইউতে যান। নুর ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।
আশুলিয়ার জামগড়া এলাকায় এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লাগে।
এ ঘটনায় সাতজনের প্রাণ যায়। দগ্ধদের অনেকের মধ্যে নুর ইসলামকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
এ ইউনিটের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ বলেছেন, ৪০ বছর বয়সি নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।
তাকে দেখতে সোমবার হাসপাতালে যান দুই মন্ত্রী। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
