ডেমরায় রিকশা চার্জ দেওয়ার সময় প্রাণ গেল চালকের
স্থানীয় একটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় একজন রিকশাচালকের মৃত্যু হয়েছে।
তুলা মিয়া (৪৫) নামে এ রিকশাচালকের বাড়ি শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর এ রিকশাচালককে অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহত রিকশাচালকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
