২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাম্বো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাজিমাত

প্রতিযোগিতায় ছয়টি দেশের ১৭২ জন অ্যাথলেট অংশ নেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 12:19 AM

Updated : 05 Nov 2023, 06:15 PM

বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদক অর্জনের সফলতা পেয়েছে বাংলাদেশ। 

সাফল্যের ঝুড়িতে যোগ হয়েছে ১৪টি স্বর্ণ, ১৬টি রৌপ্যসহ মোট ৪৮টি পদক। আর ভারত ১৪টি স্বর্ণ, ১৩টি রৌপ্যসহ মোট ৪৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। 

বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের আয়োজনে ৫৬টি ওজন ক্যাটাগরিতে ছয়টি দেশের ১৭২ জন অ্যাথলেট অংশ নেন। 

গত বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ স্যাম্বো অ্যান্ড কুরাশ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

স্যাম্বো হচ্ছে এক ধরনের মার্শাল আর্ট ও কম্ব্যাট স্পোর্টস, যা সোভিয়েত রেড আর্মি ১৯২০ সালের দিকে চর্চা শুরু করে। খালি হাতে যুদ্ধের কৌশল ঝালিয়ে নিতেই এই খেলার চর্চা শুরু হয়। আর কুরাশ মধ্য এশিয়ায় প্রচলিত এক ধরনের গ্রামীণ কুস্তি খেলা। 

বাংলাদেশ স্যাম্বো ও কুরাশ অ্যাসোসিয়েশনের সভাপতি আর এম ফয়জুর রহমান বলছেন, “পারস্পারিক সৌহার্দ্য ও  খেলোয়াসুলভ মনোভাব নিয়ে প্রত্যেক অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেন। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে সকল ইভেন্ট শেষ হয়েছে।” 

অংশগ্রহণকারীদের মধ্যে শ্রীলংকা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ; নেপাল ২টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ এবং মালদ্বীপ ১টি রৌপ্য পদক অর্জন করেছে বলে জানিয়েছেন তিনি।