ছাত্রলীগ নেতাদের নির্যাতন: শাহবাগের পরিদর্শক মোস্তফাকেও সরানো হল
এর আগে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় এবার শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকে থানা থেকে সরানো হল।
তাকে ঢাকা মহানগর পুলিশের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর-লাইনওআরে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সোমবার এই বদলির আদেশ দেন।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের পরিদর্শক মো. আরশাদ হোসেন।
নির্যাতনের ওই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে।
ওই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেন ঢাকার পুলিশ কমিশনার। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এডিসি হারুনকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
