বরকতের রক্তমাখা স্মৃতি নিয়ে জাদুঘর, পড়ে আছে অবহেলায়
“এখানে অনেক সমস্যা আছে। ওখানে লোকজনই বা কেন যাবে? ওখানে ভবনটাই তো ত্রুটিপূর্ণ অবস্থানে আছে”, বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ঢাকার পলাশীর মোড় থেকে উত্তর দিকে তাকালেই চোখে পড়বে পোড়ামাটি রঙের দৃষ্টিনন্দন দোতলা ভবন, গায়ে বড় করে লেখা ‘ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা’।
প্রবেশমুখের দেয়ালে সাদা প্লেটে খোদাই করে লেখা হাসান হাফিজুরের রহমানের কবিতার চরণ- ‘আবুল বরকত, সালাম, জব্বার, শফিউর রহমান/ কী আশ্চর্য, কী বিষণ্ন নাম! একসার জ্বলন্ত নাম’।
শহীদ আবুল বরকতের স্মৃতিসহ বায়ান্নোর ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা এ জাদুঘরটি উদ্বোধনের ১১ বছরে এসেও লোক-চক্ষুর আড়ালেই পড়ে আছে। পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রীর অভাব যেমন আছে, তেমনই সংরক্ষণের উপযুক্ত পরিবেশও নেই। আবার লোকবল না থাকায় সঠিক ব্যবস্থাপনাও করা সম্ভব হচ্ছে না। সবমিলিয়ে দর্শনার্থীদের টানতে পারছে না জাদুঘরটি।
সিঁড়ি মাড়িয়ে ভবনে ঢুকতেই ডান পাশের দেয়ালে শহীদ বরকতের ম্যুরাল ও সংক্ষিপ্ত পরিচিতি। সেখানে লেখা, “বরকতের জন্ম ১৯২৮ সালে মুর্শিদাবাদে। ১৯৪৮ সালে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে। স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৫১ সালে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে তিনি শহীদ হন।”
নতুন প্রজন্মের কাছে একুশের সেই স্মৃতিকে জাগ্রত রাখতে ২০১২ সালের ২৫ মার্চ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশী মোড় ফটকে উদ্বোধন করা হয় এ জাদুঘর।
দোতলা ভবনের নিচতলায় একপাশের দেয়ালে বিশাল ক্যানভাসে আঁকা ভাষা আন্দোলনের ইতিহাস, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে ছাত্রদের মিছিলসহ বিভিন্ন আলোকচিত্র। অন্যপাশে আবুল বরকতের ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে।
বরকতের রক্তমাখা জামা-কাপড়, বাবাকে লেখা চিঠি, শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদপত্রের অনুলিপি এবং ভাষা শহীদদের ছবি এখানে সংরক্ষণ করা হয়েছে।
২০০০ সালে ভাষা শহীদ আবুল বরকত একুশে পদক (মরণোত্তর) পেয়েছিলেন, সেটিও সংরক্ষিত আছে সেখানে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের কপি রয়েছে এ স্মৃতি জাদুঘরে।
দ্বিতীয় তলায় রয়েছে লাইব্রেরি, যেখানে ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের উপর লেখা ৪০০ এর বেশি বই রয়েছে।
জাদুঘরটিতে কর্মরত অফিস সহায়করা জানান, পাঁচজনকে নিয়ে চলছে এই সংগ্রহশালা। এর মধ্যে তিনজন নিরাপত্তা প্রহরী, আরেকজন পিয়ন। জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা বছর খানেক আগে মারা গেছেন, নতুন করে এই পদে কাউকে বসানো হয়নি।
প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে এই জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের এখানে লোকবল কম। এখানে সুইপার নাই, মালি নাই। আমিসহ পাঁচজন লোক নিয়ে এখন এটা পরিচালনা করা হচ্ছে। জাদুঘরে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো লোক নাই। এই জাদুঘরটা ওইভাবে গড়ে উঠে নাই। আমরা করতে করতে শিখেছি।”
মুক্তিযুদ্ধ জাদুঘরের গভর্নিং বডির সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক দেলোয়ার। সেই সুবাদে ব্যক্তিগত আগ্রহ থেকে বিনা বেতনে আবুল বরকত জাদুঘরে কাজ করছেন বলে জানালেন তিনি।
জাদুঘরটির সীমাবদ্ধতার কথা তুলে ধরে ইতিহাসের এই শিক্ষক বলেন, “আমাদের সমস্যা হলো জায়গা ছোটো। যেখানে এটা আছে, সেটা জাদুঘরের জন্য উপযুক্ত নয়। জাদুঘরের প্রিজারভেশনের অনেক জিনিস থাকে, সেগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এখানে কোনো এসি নাই। অনেক ডকুমেন্টস ফেইড হয়ে যাচ্ছে।”
জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও দর্শনার্থী টানতে না পারার ব্যাখ্যায় অধ্যাপক দেলোয়ার বলেন, “আমাদের সমস্যা হচ্ছে পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী নাই। আমরা একটু দেরিতে জাদুঘর প্রতিষ্ঠায় নেমেছিলাম। যে কারণে ভাষা শহীদদের অবজেক্টগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি।
“সেগুলোর এর আগেই বিভিন্ন স্থানে দিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল মিউজিয়ামে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। ওরা তো আর আমাদের দেবে না। কিছু কিছু বিষয় রেপ্লিকা তৈরি করা যায় না, কারণ কপিরাইট আছে।”
ভারতের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে ১৯২৭ সালে জন্ম ভাষা শহীদ আবুল বরকতের। ডাক নাম আবাই। ১৯৪৫ সালে তালিবপুর হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৪৭ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে তিনি ঢাকায় আসেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৫১ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বিকালে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালায়। আবুল বরকত গুলিবিদ্ধ হয়ে সেই রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে ২০১৮ সালে বরকতের জন্মভূমি মুর্শিদাবাদে যান। সেখান থেকে বরকতের কয়েকটি চিঠি, শৈশবের স্কুল, ও পৈতৃকি ভূমির বেশ কিছু আলোকচিত্র সংগ্রহ করেন।
জাদুঘর পরিচালকের ভাষ্য, “বরকতের জন্ম মুর্শিদাবাদে। সব ভাষা শহীদদের নিজ মাতৃভূমিতে সরকার একটি করে জাদুঘর করে দিয়েছে। যেহেতু বরকতের জন্ম এ দেশে নয়, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাদুঘর করার প্রস্তাব দেওয়া হয়।
“আমি ব্যক্তিগত উদ্যোগে মুর্শিদাবাদ গেছি। সেখানে থেকে কিছু চিঠি ও ছবি নিয়ে এসেছি। একটা গবেষণার কাজে আমি আবার যাব।”
আবুল বরকত জাদুঘর সমৃদ্ধ করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, “আমরা লাইব্রেরিটাকে স্ট্রং করতে চাচ্ছি, যাতে রিসার্চের কাজ সহজ হয়। আমাদের জানা মতে, ১৯৫৭ সাল থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় ক্রোড়পত্র বের হয়, সেগুলো আমরা সংগ্রহ করব।
“ডকুমেন্টগুলো ডিজিটাইজ্ড করতে পারলে রিসার্চ সাইটটা খুব স্ট্রং হবে। এছাড়া আমরা ওই সময়ের দলিলগুলো ডিসপ্লে করেছি। মুক্তিযুদ্ধের উপর অনেক গবেষণা হয়েছে, কিন্তু ভাষা আন্দোলনের উপর পিএইচডি-এমফিল হয়েছে মাত্র পাঁচটি। আমাদের মনে হয়েছে, গবেষণার ক্ষেত্রেও ভাষা আন্দোলন আকর্ষণ সৃষ্টি করতে পেরেছে কম। এর প্রধান কারণ হলো সোর্স নাই।”
বরকতের স্মৃতির পাশাপাশি ভাষা আন্দোলনের বিভিন্ন উপাদান সংগ্রহ করা গেলে সেখানে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হবে বলে মনে করেন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে প্রদর্শনী সামগ্রী বাড়ানো দরকার। ভাষা শহীদদের স্মৃতিচিহ্ন তো বটেই, ভাষা শহীদদের স্মৃতির সাথে সাথে ভাষা আন্দোলনের ইতিহাসটাও যেন প্রদর্শিত হয়, সেই উদ্যোগ নেওয়া দরকার।
“এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জাদুঘর। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি হয়, নতুন ব্যাচ আসে, তারা আটচল্লিশ, বায়ান্নোর ভাষা আন্দোলন, ভাষা শহীদদের সার্বিক বিষয় নিয়ে জানতে চাইবে।”
জাদুঘরের পরিধি বাড়ানোর তাগিদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, “যদি কোনো গাইড না থাকে, একজন গাইড নিশ্চয় দরকার আছে। যে কোনো জাদুঘরে গাইড থাকেন, যারা ভিজিটরদের বিষয়গুলো বোঝাতে পারেন। বৃহত্তর পরিধিতে ভাষা আন্দোলনকে এখানে তুলে ধরার দরকার আছে।”
বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা পুরোটাই সংকটে আছে। কোনো ভিজিটরও নাই, কোনো ব্যবস্থাপনাও নাই। ওখানে পর্যাপ্ত জায়গাও নাই। এখানে অনেক সমস্যা আছে। ওখানে লোকজনই বা কেন যাবে? ওখানে ভবনটাই তো ত্রুটিপূর্ণ অবস্থানে আছে।”
বিশ্ববিদ্যালয়ের একটা ভালো মিউজিয়াম হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, “আমরা একটা উদ্যোগ নিয়েছি। ওটার কমিটিও বানিয়েছি। ওখানে আশপাশের জায়গাটা উদ্ধার করে উদ্যোগ নেওয়া হবে।
“সেখানে আবুল বরকত জাদুঘর থাকবে, এটা মিউজিয়ামের একটা অংশ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামও তো থাকা দরকার। প্রত্যেকটা নামকরা বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম থাকে।”
